টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে নিজের অভিনীত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমার বিশেষ প্রদর্শনীর পর এর পরিচালককে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন বলিউডের দেশি গার্লখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আবেগপ্রবণ প্রিয়াঙ্কার সেই ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোনালি বোস পরিচালিত সিনেমা ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এ প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করেছেন ফারহান আখতার। এর ট্রেইলার মুক্তির পরই তা নিয়ে দর্শকদের মধ্যে অনেক আলোচনার জন্ম দেয়। এটি এখনো ভারতে মুক্তি না পেলেও টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে। গত শুক্রবার সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠান ছিল। সেখানেই পরিচালক সোনালি বোসের সঙ্গে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতারসহ অন্য কলাকুশলীরা। ফিল্ম ফেস্টিভ্যালে এই সিনেমার প্রদর্শনের পর আবেগতাড়িত হয়ে পরিচালককে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন প্রিয়াঙ্কা।
ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির প্রদর্শনের আগে পরিচালক সোনালি বোস, অভিনেতা ফারহান আখতারও রোহিত সরফের সঙ্গে একটি ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা। ক্যাপশনে লেখেন, ‘আজ রাতে রয় থমসন প্রেক্ষাগৃহে দ্য স্কাই ইজ পিঙ্ক সিনেমাটি দেখানো হচ্ছে। আমি বিষয়টা নিয়ে ভীষণ উদগ্রীব। আমি এটি নিয়ে গর্বিত, আপনারাও উপস্থিত থাকছেন তো?’
প্রসঙ্গত, বক্তা ও লেখিকা আয়েশা চৌধুরীর জীবনের কাহিনীই উঠে আসবে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায়। মাত্র ১৬ বছর বয়সে পালমোনারি ফাইব্রোসিস রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এতে আয়েশার চরিত্রে জায়রা ওয়াসিমকে দেখা যাবে। তার মা অদিতি চৌধুরীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা।
এই সিনেমার গল্প নিয়ে পরিচালক সোনালি বোস বলেন, ‘সিনেমা নির্মাতা হিসেবে বিষয়বস্তুর জন্যই আমি এটি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ, আমিও আমার ছেলেকে হারিয়েছিলাম। আমার সন্তানের মৃত্যুর ঠিক কিছু পরই আমার বিয়েটা ভেঙে যায়। সন্তানকে হারানোর পর এমনভাবে বহু দম্পতিই বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে।’
সোনালি বোস আরও বলেন, ‘আয়েশা চৌধুরীর গল্প যখন আমি শুনেছিলাম, মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আয়েশার বাবা-মা একে অপরের প্রেমে পড়েছিলেন মাত্র ১৬ বছর বয়সে। তারা যখন তাদের সন্তানকে হারান, তখন তাদের বয়স ৫৩। তবে সন্তানকে হারানোর পরও তারা একসঙ্গেই রয়েছেন। আর টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালের প্রিমিয়ারে ছবির এই গল্পই চোখে জল এনে দেয় প্রিয়াঙ্কার।’
এদিকে, টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালের শেষ দিকে লালগালিচার সবটুকু আলো কেড়ে নিয়েছেন প্রিয়াঙ্কা। তিনি একেবারে সাদামাটা সাজে সাদা-কালো অফ সোল্ডার গাউন পরে রেড কার্পেটে হাঁটেন। আর তাতেই সমালোচকরা খুশি। পোশাকটি সাদা-কালো হলেও নকশায় ছিল ভিন্নতা। সেই সঙ্গে প্রিয়াঙ্কার ছিমছাম সাজ তার সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
