১১ জন ফুটবলার ইনজুরিতে, মাঠে নামা একাদশকেই পুরো ৯০ মিনিট খেলতে হয়েছে। কিন্তু এসব নরউইচ সিটিকে থামাতে পারেনি। ঘরের মাঠে শনিবার ম্যানচেস্টার সিটিকে অবিশ্বাস্যভাবে হারিয়ে দিয়েছে তারা। ৫ গোলের থ্রিলারে বর্তমান চ্যাম্পিয়নদের ৩-২ ব্যবধানে হারায় এই মৌসুমেই চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগ উঠে আসা দলটি। এসেই পঞ্চম ম্যাচে ৩ হারের বিপরীতে তুলে নিল দ্বিতীয় জয়। এদিকে, এই পরাজয়ে হেরে বিরাট ক্ষতি হয়ে গেল সিটির। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে এখন গার্দিওলার দল। এছাড়া জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও টটেনহ্যাম হটস্পার।
এক দলের স্কোয়াডে সাধারণত ২৩ জন খেলোয়াড় থাকেন। সেখান থেকে ১১ জন ইনজুরিতে পড়লে থাকে ১২ জন। একাদশে ১১ জন নিয়ে খেললে বেঞ্চে মাত্র একজন ফিট ফুটবলার বাকি থাকেন। মানে চাইলেও নির্ধারিত বদলি করতে পারবেন না কোচ। শনিবারের ম্যাচে এই অবস্থা হয়েছিল নরউইচ সিটির। তাদের ফুটবলাররা আন্তর্জাতিক বিরতিতে গিয়ে একাধারে ইনজুরিতে পড়েন। অবশ্য দলের ১১ জন মিলেই দারুণ সাফল্য দেখালেন। ঘরের মাঠ ম্যাকলিন পার্কে প্রিমিয়ার লিগ ধরে রাখার দৌড়ে পিছিয়ে দিলেন সিটিজেনদের। সর্বশেষ ২০১৫ সালের মার্চে প্রিমিয়ার লিগে উন্নীত কোনো দলের কাছে হেরেছিল সিটি। মাঝে টানা ২৫ ম্যাচে এমন দুর্বল দল সিটিকে হারাতে পারেনি। আর গার্দিওলার অধীনে উন্নতি হওয়া দলগুলোর বিপক্ষে টানা ১৮ ম্যাচ জয়ের পর এই প্রথম হার জুটল সিটির।
অবিশ্বাস্যভাবে ম্যাচ হেরে মনঃক্ষুণœ গার্দিওলা সতীর্থদের আগলে রেখেছেন। হারকে স্বাভাবিক মেনে স্প্যানিশ কোচ জানান, ‘এটা খুবই উঁচু মানের প্রতিযোগিতা। এখানে সব উঁচুমানের দল খেলে। যে কেউ যে কাউকে হারাতে পারে। এই হারও তেমন স্বাভাবিক একটি হার। আপনি মৌসুমের সব ম্যাচ জিতবেন এটা ভাবা বোকামি। হার সব সময়ই কষ্টের, সেটা আজ আমাদের সঙ্গে হয়েছে। আমি আমার দলের ওপর আস্থা রাখছি। জানি ছেলেরা কী করতে পারে। ভুল হতেই পারে, আজ তারা ভুল করেছে। পরিকল্পনা ঠিকঠাক হয়নি, পরের ম্যাচে হবে। এখন আমাদের ইউরোপ (চ্যাম্পিয়ন্স লিগ) নিয়ে ভাবতে হবে। অবশ্যই আমরা পরের ম্যাচে জয়ে ফিরব।’
এছাড়া বড় দলগুলোর মধ্যে ম্যান ইউনাইটেড, চেলসি ও টটেনহ্যাম তাদের দ্বিতীয় জয় তুলেছে। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৪-০ গোলের জয়ে সমান ৮ পয়েন্ট নিয়ে তিনে স্পার্সরা। আর ট্যামি আব্রাহামের হ্যাটট্রিকে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে এখন পর্যন্ত সবচেয়ে বড় জয় পেয়েছে চেলসি। উলভারহ্যাম্পটনকে ৫-২ ব্যবধানে হারিয়ে তারাও ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে।
