নিয়মবহির্ভূতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসা শিক্ষা অনুষদের সান্ধ্যকালীন কোর্সে ভর্তি হওয়া সেই ৩৪ ছাত্রলীগ নেতার ছাত্রত্ব বাতিলের আবেদন করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে এ আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। একই সঙ্গে তিনি ডাকসুর কোষাধ্যক্ষ ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের অপসারণও দাবি করেন।
গত ৮ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ডাকসু নির্বাচনে অংশ নিতে ছাত্রলীগের ৩৪ সাবেক ও বর্তমান নেতা ছাত্রত্ব টিকিয়ে রাখতে ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের মাস্টার্স অব ট্যাক্স ম্যানেজমেন্ট প্রোগ্রামে ভর্তি হন। তফসিল ঘোষণার পর ছাত্রলীগ নেতারা উপাচার্যের সই করা চিরকুট ও অনুষদের ডিনের সহায়তায় নিয়মবহির্ভূত উপায়ে লিখিত ও মৌখিক পরীক্ষা ছাড়াই ভর্তি হন।
এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের ৩৪ নেতার ভর্তি প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম হয়নি বলে দাবি করেন ডিন।
