সচিবালয়ে আইনমন্ত্রী

আয়কর আপিল ট্রাইব্যুনালে নিয়োগ হবে জেলা জজ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০২:২৯ এএম

দেশের আটটি আয়কর আপিল ট্রাইব্যুনালে একজন করে জেলা জজ নিয়োগ দিতে শিগগির প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বর্তমানে শুধু দুজন কর কমিশনার দিয়ে বেঞ্চ গঠন করে মামলার কাজ চলছিল। আইনমন্ত্রী দুই সদস্য থেকে উন্নীত করে তিন সদস্যের ট্রাইব্যুনাল গঠনের মত দেন।

গতকাল রবিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়কর  আইনজীবীদের সংগঠন ‘বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন’র নেতাকর্মীদের  সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।

১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ অনুযায়ী, আয়কর আপিল ট্রাইব্যুনালে জেলা জজসহ অন্যান্য পদের লোক নিয়োগের বিধান আছে। কিন্তু বর্তমানে শুধু দুজন কর কমিশনার দিয়ে বেঞ্চ গঠন করে আয়কর আপিল মামলার বিচারকাজ চলছে। আয়কর আইনজীবীদের প্রতিনিধি দলটি মন্ত্রীকে এ বিষয়ে অবহিত করে প্রত্যেক ট্রাইব্যুনালে একজন করে জেলা জজ নিয়োগের দাবি জানালে তিনি তিন সদস্যের ট্রাইব্যুনাল গঠনের মত দেন। এদের মধ্যে একজন হবেন জেলা জজ বা জেলা জজ পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তা, একজন হবেন আয়কর বিভাগের কর্মকর্তা ও আয়কর আইনজীবী থাকবেন একজন।

বৈঠকে অ্যাসোসিয়েশনের নেতারা বেশ কয়েকটি দাবি উত্থাপন করেন। এগুলোর মধ্যে আছে, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশকে আইনে পরিণত করা; বাংলাদেশ বার কাউন্সিলের আদলে বাংলাদেশ ট্যাক্স বার কাউন্সিল গঠন করা; আয়কর আপিল ট্রাইব্যুনালকে অর্থ মন্ত্রণালয়ের পরিবর্তে পুনরায় আইন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা; প্রত্যেক ট্রাইব্যুনালে জেলা জজ পর্যায়ের একজন করে বিচার বিভাগীয় কর্মকর্তা নিয়োগ করা; অধস্তন ও উচ্চ আদালতের মতো আয়কর আপিল ট্রাইব্যুনালেও  আয়কর আইনজীবীদের মধ্য হতে আইন কর্মকর্তা নিয়োগ করা। মন্ত্রী এসব দাবি পূরণে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনার প্রয়োজন আছে বলে জানান।

আইনমন্ত্রী বলেন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের জাতীয় বজেটের শতকরা প্রায় ৮৫ ভাগ আসত বৈদেশিক সাহায্য বা অনুদান থেকে। আর এখন আমাদের জাতীয় বাজেটের প্রায় ৮৫ ভাগ আসছে রাজস্ব খাত থেকে, যার মধ্যে আয়কর বিরাট অংশজুড়ে আছে। আয়কর আদায়ে আইনজীবীদের সহযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, প্রয়োজন হলে আয়কর আইনজীবীদের প্রশিক্ষণ দেওয়া হবে, অভিজ্ঞতা অর্জনের জন্য তাদের বিদেশে পাঠানো হবে।

মন্ত্রী আয়কর আইনজীবীদের আয়কর আইনবিষয়ক আরও অধিক জ্ঞান অর্জনের পরামর্শ দিয়ে বেশি বেশি বই পড়ার আহ্বান জানান। এ সময় তিনি আয়কর বিষয়ক বই কেনার জন্য বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনকে পাঁচ লাখ টাকার অনুদান দেওয়ার ঘোষণা দেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত