গ্রেপ্তারের দুই ঘণ্টা পর ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নিহত

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩৪ এএম

টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হাবিব উল্লাহ (৩০) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে, গত শনিবার রাত ১২টার দিকে উপজেলার নয়াপাড়া মোচনী রোহিঙ্গা ক্যাম্পের পাশে এ ঘটনা ঘটে। ওই ক্যাম্পের আলী আহমদের ছেলে হাবিব চিহ্নিত ডাকাত ছিলেন। তার বিরুদ্ধে ছয়টির বেশি মামলা রয়েছে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, শনিবার রাত ১০টার দিকে জাদিমোরা শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ে ডাকাতির

প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযানে যায়। উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাতরা পালিয়ে যায় এবং হাবিবকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১২টার দিকে মোচনী ক্যাম্পের পাশের পাহাড়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় ওত পেতে থাকা ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয় দফা গুলি চালায়। পাল্টা গুলিতে হাবিব গুলিবিদ্ধ হন। উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধে এসআই সুজিত দে ও মশিউর আহত হয়েছেন জানিয়ে ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে দুটি দেশে তৈরি বন্দুক ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত