ভারতের রাষ্ট্রপতি ভবন, সংসদ ও সচিবালয় ভবনের কাছে ড্রোন উড়ানোর অভিযোগে দুই মার্কিন নাগরিক বাবা-ছেলেকে আটক করেছে নয়াদিল্লি পুলিশ।
এনডিটিভি জানায়, ভারতের রাজধানী নয়াদিল্লিতে ড্রোন উড়ানো নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অমান্য করায় শনিবার এই দুজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
মার্কিন নাগরিক পিটার জেমস লেইন (৬৫) এবং তার ছেলে গুইলাম লিডবেটার লেইন (৩০) শনিবার টুরিস্ট ভিসা নিয়ে ভারতে আসেন।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য দুজনকেই পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।
ড্রোনের মাধ্যমে তোলা সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কেন্দ্রীয় সচিবালয়ের কিছু ছবি ও ভিডিও তাদের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশকে ওই দুজন জানান, তারা একটি অনলাইন পোর্টালে কাজ করেন এবং সেটির জন্য এসব ভিডিও ও ছবি ধারণ করেন।
দুই মার্কিন নাগরিক পুলিশকে জানান, নয়াদিল্লিতে ড্রোন উড়ানো নিষিদ্ধ সেটি তারা জানতেন না। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
