বাধ্য হয়ে বিদেশি কাপড় কেনেন তাপসী

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১৫ পিএম

পোশাকের জন্য বিদেশের ওপর নির্ভর করেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। পারতপক্ষে ভারতের শপিং মলে কেনাকাটা করেন না তিনি।

এমন নয় যে, ভারতের জামা-কাপড় পছন্দ নয় তার। তবে কেন বাইরে যেতে হয় ‘পিংক’ অভিনেত্রীকে?

ভারতীয় সংবাদমাধ্যমকে তাপসী জানালেন, রাজধানী শহর দিল্লিতেই তার বেড়ে ওঠা। সেখানে নিয়মিত আড্ডা দিতেন। কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে। ২০১৫ সালে অক্ষয় কুমারের সঙ্গে ‘বেবি’র সাফল্যের পর বদলে যায় সবকিছু।

তাপসী বলেন, “রাস্তায় এখন আর আগের মতো ঘুরে বেড়াতে পারি না, পুরোনো বন্ধুদের সঙ্গে পুরোনো জায়গায় আর যেতে পারি না।”

সঙ্গে উষ্মা প্রকাশ করে বলেন, “মানুষজন আমাকে ভালোবাসেন, সে জন্য আমি সত্যি খুবই কৃতজ্ঞ। কিন্তু, নিজের জন্য যে একটা স্পেস দরকার হয় তা অনেক সময়তেই ভুলে যান অনেকে। খারাপ লাগে যখন দেখি বারণ করা সত্ত্বেও রাত বিরাতে ভক্তরা ফোন করছেন অথবা আমি বাড়ি পৌঁছেছি কিনা তা বারবার জানতে চান। এতে নিজের পরিবারের ওপরেও এর প্রভাব পড়ে।”

তাপসী শপিং মলে গিয়ে জামাকাপড়ও কিনতে পারেন না আজকাল। পাপারাজ্জির ভয় সেখানে। অগত্যা বিদেশ গিয়ে কেনাকাটা করেন।

তিনি জানান,, এমনটা নয় যে দামি ব্র্যান্ডের জামা কাপড় পরবেন বলে বিদেশে গিয়ে কেনাকাটা করেন তিনি। বাধ্য হন, তাই যান।

তাপসীকে সর্বশেষ দেখা গেছে ‘মিশন মঙ্গল’। সঙ্গে ছিলেন অক্ষয় কুমার ও জনপ্রিয় পাঁচ অভিনেত্রী। ছবিটি ভারতের বাজারে ২০০ কোটি রুপির মতো আয় করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত