৮৬৭ ওভার পর ক্যারিয়ারে প্রথম ‘নো’ বল ওকসের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০৬ পিএম

সদ্য শেষ হওয়া অ্যাশেজে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেটারদের কাছ থেকে দুর্দান্ত সব নৈপুণ্য উপহার পেয়েছেন দর্শকেরা। স্টিভেন স্মিথ অবিশ্বাস্য ধারাবাহিক পারফর্ম করেছেন। বেন স্টোকস হেডিংলিতে খেলেছেন টেস্ট ইতিহাসের অন্যতম ইনিংস।

জোফরা আর্চারের বোলিং মন মাতিয়েছে সবার। সঙ্গে প্যাট কামিন্স, স্টুয়ার্ড ব্রডদের কথাও বলতে হবে। এদের মাঝে ইংলিশ পেসার ক্রিস ওকস একটা ‘নো’ বল করে অভিনব রেকর্ড গড়েছেন। টেস্ট ক্যারিয়ারে প্রায় ৮৬৭ ওভার বল করার পর প্রথম ‘নো’ বল করলেন এই ৩০ বছর বয়সী পেসার।

ওভালে অ্যাশেজের শেষ টেস্টে রবিবার এই ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৩১তম ওভারে ওকস টেস্ট ক্যারিয়ারে তার প্রথম ‘নো’ বলটি করেন। ওই ওভারের দ্বিতীয় বলটিতে মিচেল মার্শ স্লিপে ক্যাচ হন। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় ওকসের পা ছিল পপিং ক্রিজের বাইরে। ফলে মার্শ আউটের হাত থেকে বেঁচে যান। উইকেটে বঞ্চিত হতে হয় ওকসকে। একই সঙ্গে টেস্টে প্রথম ‘নো’ বলটাও হয়ে যায় তার।

ওভাল টেস্ট ১৩৫ রানে জিতে নেয় ইংলিশরা। অ্যাশেজ ২-২ এ ড্র হয় তাতে। তবে আগের অ্যাশেজে জয়ী হওয়ায় ‘ছাইদানি’ থাকে অস্ট্রেলিয়ার দখলেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত