বিইউপিতে চলছে তিনদিন ব্যাপী ন্যাশনাল ল' ফেস্ট

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৪ পিএম

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে শুরু হয়েছে তিনদিন ব্যাপী বিইউপি ন্যাশনাল ল' ফেস্ট-২০১৯।  রবিবার শুরু হওয়া এই অনুষ্ঠানের আয়োজক বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগ ও বিইউপি ল' অ্যান্ড মুট কোর্ট ক্লাব।

গতকাল প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান আইনজীবী ব্যারিস্টার এম. আমিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব সিকিউরিটি স্টাডিজের ডিন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সিদ্দিকুল আলম সিকদার।  উক্ত উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন বিইউপি আইন বিভাগের চেয়ারম্যান লে. কর্নেল সিরাজ উদ্দিন আহমেদ (অব.), এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

অ্যারিস্টটলের বিখ্যাত উক্তি, "law is a reason free from passion" উক্তি দিয়েই শুরুতে বক্তব্য শুরু করেন বিভাগের চেয়ারম্যান লে. কর্নেল সিরাজ উদ্দিন আহমেদ (অব.) । সমাজে তথাকথিত মানুষের আইনজীবীদের প্রতি কিছু সাধারণ তথা ভুল ধারণার কথা তুলে ধরেন এবং আইনের বিভিন্ন মানবিক দিক তুলে ধরেন। বিইউপিতে আইন বিভাগের অতি অল্প এই ৪ বছরের পদার্পণে জাতীয় পর্যায়ে এই রকম একটা আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

এরপরেই বিশেষ অতিথির বক্তব্যে ডিন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সিদ্দিকুল আলম সিকদার আইনের প্রতিটি ছাত্র যাতে আইনের সঠিক ব্যবহার এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দিয়ে সমাজকে পরিচালনা করে সে বিষয়ে আলোকপাত করেন। আইনের সেবাকে সমাজের দারিদ্র্যপীড়িত মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।

সর্বশেষে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এম. আমিরুল ইসলাম বলেন, “সংবিধানের ঐতিহাসিক গুরুত্ব,সংবিধান যে শুধু আইনই নয়, সংবিধান এমন একটি বিধান যা রাষ্ট্রের নাগরিকদের সকল অধিকার নিশ্চিত করে।”

এ সময় তিনি সংবিধানের দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং তৃতীয় ভাগ মৌলিক অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

দেশের শীর্ষ এই আইনজীবী যুক্তরাজ্যের সাংবিধানিক আইনের বিল অব রাইটস এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের সঙ্গে বাংলাদেশের সংবিধানের নাগরিক অধিকার তুলে ধরেন এবং একপর্যায়ে বাংলাদেশের সংবিধানকে গোল্ডেন রুল বলে আখ্যায়িত করেন। তিনি তার সুদীর্ঘ বক্তব্যে সংবিধানের সংশোধনী সম্পর্কেও আলোকপাত করেন।  

উদ্বোধনী অনুষ্ঠানের পরেই শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব  ল' ডিবেট। যেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে শীর্ষ ৪টি টিম নিয়ে ফাইনাল রাউন্ড সম্পন্ন হয়। যার ফলাফল জানা যাবে ১৭ তারিখ অনুষ্ঠানের শেষ পর্ব। সর্বশেষে সিনেমা পর্বের মাধ্যমে প্রথম দিনের ইতি টানা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত