সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৪ পিএম

সাভারে বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা চালুর দাবিতে টানা চারদিন করে বিক্ষোভসহ কর্মবিরতি পালন করে আসছে প্রায় ৯ শতাধিক পোশাক শ্রমিক।

সোমবার দুপুরেও দাবি আদায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকায় অবস্থিত সার্ক নিটওয়্যার লিমিটেডের কারখানার শ্রমিকেরা।

বিক্ষুব্ধ শ্রমিকেরা জানায়, গত কয়েকদিন ধরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করে বিভিন্ন ধরনের টালবাহানা করে আসছে। এ ছাড়া তিন মাস ধরে কারখানার কর্মকর্তাদেরও বেতন আটকে রেখে গাঁ ঢাকা দিয়েছে মালিকপক্ষ। মূলত যৌথ মালিকানায় কারখানাটি পরিচালিত হওয়া তাদের ভেতরে অভ্যন্তরীণ কোন্দলের কারণেই দূর্ভোগে পড়েছেন ভুক্তভোগী শ্রমিকেরা।

এঘটনায় কারখানার সকল শ্রমিক একযোগে সাভারের আক্রান্ত-মিরপুর সড়কের সামাইর এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। এসময় দাবি আদায়ের লক্ষ্যে প্রায় দুই ঘণ্টা সড়কটি অবরোধ করে রাখায় দুর্ভোগে পড়েন হাজারও মানুষ। ফলে বাধ্য হয়ে অনেকেই গাড়ি থেকে নেমে হেঁটে এবং রিক্সাযোগে গন্তব্যস্থলে রওনা হয়।

একপর্যায়ে স্থানীয় বিরলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগামী ২৫ সেপ্টেম্বর শ্রমিকদের পাওয়া আদায় করে দেওয়ার আশ্বাস দিলে সড়ক থেকে অবরোধ তুলে নেয় শ্রমিকেরা।

জানতে চাইলে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (পরিচালক) সানা সামিনুর রহমান বলেন, গত কয়েকদিন ধরেই সার্ক নিটওয়্যার লিমিটেডের কারখানার শ্রমিকেরা তাদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু যৌথ মালিকানায় ব্যবসা পরিচালনা করায় বর্তমানে একে অন্যের ওপর দায় চাপিয়ে দিয়ে কেউই শ্রমিকদের সমস্যা সমাধানে এগিয়ে আসছে না।

এদিকে দাবি আদায়ে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে সড়কটি যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। তবে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ের রয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত