পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুর শহরের রাস্তার দুপাশের নালা (ড্রেন) ও
রাস্তার জায়গা দখল করে রাখা দোকানের অবৈধ অংশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাস্তা দখলমুক্ত করতে অভিযান শুরু করে পার্বতীপুর উপজেলা প্রশাসন। এতে শহরের শহীদ মিনার রোড, কাপড়পট্টি, মনিহারিপট্টি ও নতুন বাজার প্রধান সড়কের দুপাশের দখল করা ১ হাজারেরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানের দখলে থাকা অংশ উদ্ধার করা হয়।
পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক বলেন, ব্যবসায়ীরা এত দিন নিজেদের খেয়ালখুশিমতো রাস্তার দুপাশের ফুটপাত ও ড্রেন দখল করে দোকানের অন্তর্ভুক্ত করে রেখেছিলেন। এতে বর্ষায় পানি নিষ্কাশন ও যানবাহন চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছিল।
