শামীম হাসান সরকার ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার। এরপর হয়ে গেলেন ইউটিউবার। এখন জনপ্রিয় অভিনেতা। এখন নাটক নিয়েই তার ব্যস্ততা। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
এখনকার ব্যস্ততা...
ঈদের ছুটির পর আর অবসর পাইনি। প্রতিদিন নাটকের শ্যুটিং করছি। খন্ড ও ধারাবাহিক দুই ধরনের নাটকই করছি। গতকাল থেকে শুরু করেছি কাজল আরেফিন অমির পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘মিশন বরিশাল’-এর শ্যুটিং। এতে আমরা চার বন্ধু তৌসিফ মাহবুব, পলাশ, সারিকা সাবা ও আমি। আরও আছেন সাফা কবির। আমরা একই ভার্সিটির চার বন্ধু। ঘটনাক্রমে একটি মিশনের উদ্দেশ্যে বরিশালে যাই।
ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’
তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, পলাশ ও আমার অভিনীত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকটি এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাই গত দুই ঈদে এই কাহিনীর ওপর ভিত্তি করেই ‘ব্যাচেলর ট্রিপ’ ও ‘ব্যাচেলর ঈদ’ খন্ড নাটক দুটি নির্মিত হয়। তরুণদের কাছ থেকে ইউটিউবে এ দুটি নাটকের জন্য ব্যাপক সাড়া পেয়েছি। এখন সেই ধারাবাহিকেরই কাজ করছি আবার। প্রথমে অনলাইন টিভি ‘ধ্রুব টিভি’তে এটি প্রচার হবে।
খন্ড নাটক ‘শনিবার’...
ঈদের পর কয়েকটি খন্ড নাটক করেছি। এর মধ্যে এই মুহূর্তে মনে পড়ছে ‘শনিবার’ নাটকটির কথা। পরিচালনা করেছেন সোহাগ রানা। আমার বিপরীতে আছেন তাসনিয়া ফারিন। মজার একটি গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। আশা করি দর্শকের ভালো লাগবে।
ইউটিউব থেকে সিনেমায় এবং...
দুই-তিন বছর ধরেই ফেইসবুক বা ইউটিউবে কার ফলোয়ার বেশি সেই হিসাবে অনেককেই নাটকে কাস্ট করতেন পরিচালক। কিন্তু এখন আস্তে আস্তে সেই ট্রেন্ড আর থাকছে না। কারণ, সবাই বুঝতে পেরেছেন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়া আর ভালো অভিনয় করা এক নয়। আমার জানা মতে, ইউটিউব থেকে এসে আমি ছাড়া আর কেউ এখন নিয়মিত অভিনয় করতে পারছেন না। এখন বরং ইউটিউবেই আমি নিয়মিত সময় দিতে পারছি না। দিন শেষে মেধারই জয় হয়। নানামাত্রিক চরিত্রে নিজেকে তুলে ধরছি বলেই হয়তো আমি টিকে আছি।
সিনেমায়...
এরই মধ্যে ‘মিস্টার বাংলাদেশ’ নামে একটি সিনেমায় কাজ করেছি। তবে সেটি সেভাবে সাড়া ফেলেনি। তাই আপাতত সিনেমা নিয়ে ভাবছি না। নাটক নিয়েই ভালো আছি। আমি চাই নাটকেই নিজের অবস্থান আরও শক্ত করতে। তারপর সিনেমা বা অন্য কিছু নিয়ে ভাবব।
পরিবারের সমর্থন...
আমি ছিলাম সিভিল ইঞ্জিনিয়ার। মালয়েশিয়া থেকে পড়াশোনা করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো চাকরি করতাম। কিন্তু অভিনয়ের নেশায় তা ছেড়ে দিই। পরিবার থেকে প্রথমে খুব একটা সমর্থন না পেলেও এখন তারা আমার সিদ্ধান্তে খুশি।
