জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন মহাপরিকল্পনার নির্মাণকাজের টাকাপয়সার ভাগ-বাটোয়ারা নিয়ে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও জাবি ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসাইনের ফোনালাপকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, উপাচার্যকে জড়িয়ে ১৫ সেপ্টেম্বর বিভিন্ন গণমাধ্যমে যে ফোনালাপ প্রচারিত-প্রকাশিত হয়েছে, তা অসত্য ও উদ্দেশ্যমূলক। বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ দৃঢ়ভাবে জানাচ্ছে যে উপাচার্যের সঙ্গে টাকা ভাগের কোনো আলাপ হয়নি। তিনি কাউকেই অর্থ প্রদান করেননি। গোলাম রাব্বানী উপাচার্যকে বিতর্কিত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এই ফোনালাপের গল্প তৈরি করেছেন। এ ধরনের পরিকল্পিত মিথ্যা গল্পের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে কর্র্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়েছে, এই মিথ্যা গল্পের সত্যাসত্য প্রমাণ করার দায়িত্ব উপাচার্যের নয়। বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ পাঠক তথা দেশবাসী এবং সংশ্লিষ্ট সবাইকে মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে সমর্থন ও অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছে।
