ভোটার তালিকায় নাম

কক্সবাজারে ৬০০ রোহিঙ্গার বিরুদ্ধে মামলা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৩ এএম

তথ্য গোপন করে জালিয়াতি ও অবৈধ পন্থায় ভোটার তালিকায় নাম ওঠানোর অভিযোগে ৬০০ রোহিঙ্গার বিরুদ্ধে মামলা করেছে কক্সবাজার নির্বাচন অফিস। গত ১৩ সেপ্টেম্বর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি করেন।
সূত্র জানিয়েছে, মামলায় নির্বাচন কমিশনের কাছে তথ্য গোপন করে ডিজিটাল বা ইলেকট্রনিক জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় ৩ রোহিঙ্গাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।  
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ‘চট্টগ্রামে নির্বাচন অফিসে গিয়ে তথ্য গোপন করে অবৈধভাবে ভোটার তালিকায় নাম ওঠানোর অভিযোগে সম্প্রতি কক্সবাজার পৌরসভার পশ্চিম নতুন বাহারছড়ার বাসিন্দা (পুরনো রোহিঙ্গা) ইউসুফ আলীর ছেলে নুরুল ইসলাম নুরু (৪২), মৃত শহর মুল্লুকের ছেলে ইয়াছিন (৩৭), টেকনাফ নয়াপাড়া মুছনি রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের আবুল হাশেমের ছেলে আব্দুল্লাহকে (৫৩) কক্সবাজার সদর থানা পুলিশের সহায়তায় আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন শামসুর রহমান নামের এক ব্যক্তির মাধ্যমে ১৫ হাজার টাকার বিনিময়ে ভোটার হয়েছেন।
মামলার বাদী শিমুল শর্মা জানান, অভিযুক্তরা চট্টগ্রাম শহরের অজ্ঞাতনামা লোকজনের মাধ্যমে দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে রোহিঙ্গা নাগরিকদের অবৈধ পন্থায় নানা কৌশলে ডিজিটাল বা ইলেকট্রনিক জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ভোটার নিবন্ধন করে আসছে। জালিয়াতির মাধ্যমে অন্তত ৬০০ রোহিঙ্গা নাগরিকের তথ্য অবৈধভাবে নির্বাচন কমিশনের ডাটাবেজে সংযুক্ত ও কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় নিবন্ধনভুক্ত করে তারা।
এদিকে নির্বাচন অফিসের সার্ভারের অনলাইন ডাটাবেজ পর্যালোচনা করে দেখা যায়, আটক হওয়া রোহিঙ্গাদের নাম-ঠিকানা নির্বাচন কমিশনের ভোটার নিবন্ধন তথ্যে অন্তর্ভুক্ত থাকলেও কক্সবাজার সদর উপজেলা নির্বাচন অফিসের ভোটার নিবন্ধন ল্যাপটপ আইডির সঙ্গে মিল নেই। এতে নির্বাচন কমিশন ধারণা করছে, রোহিঙ্গারা চিহ্নিত ও সংঘবদ্ধ একটি চক্রের সঙ্গে হাত করে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ভোটার তালিকাভুক্ত হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত