ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুর সোয়া একটার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে এ ঘটনা ঘটে। হামলায় চোখের নীচে আঘাত প্রাপ্ত ভাষা বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসিফকে
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে, প্রক্টর তার কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন না।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়’ ব্যানারে একদল শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের কার্যালয় ঘেরাও করে অবস্থান নেন। এসময় ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে অন্তত ২৫-৩০ জনের একটি দল এসে তাদের ওপর হামলা চালান।
প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে উপস্থিত একাধিক সাংবাদিক জানিয়েছেন, হামলাকারীদের বেশির ভাগই ঢাবি শাখা ছাত্রলীগের নেতা-কর্মী।
আক্রান্তরা অভিযোগ করেছেন, হামলাকারীরা ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনের অনুসারী।
এ বিষয়ে সাদ্দাম হোসেন বলেন, এ হামলার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। দুই দল শিক্ষার্থীর মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ে আমার কোনো অনুসারী নেই।
