ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগে আগ্রহী যুুক্তরাজ্য : পলক

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৯ এএম

যুক্তরাজ্যের ব্যবসায়ীরা বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

গতকাল বুধবার বাংলাদেশ সফররত যুক্তরাজ্য পার্লামেন্টের সদস্য, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ (সিএফওবি) ও অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) সভাপতি অ্যান মেইনের নেতৃত্বে ২৪ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে  আইসিটি প্রতিমন্ত্রী এ কথা জানান।

প্রতিমন্ত্রীর বরাতে বাসস জানিয়েছে, যুক্তরাজ্যের ব্যবসায়ীরা তথ্যপ্রযিুক্ত খাত বিশেষ করে সামাজিক প্রভাব রয়েছে এমন ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

বৈঠকে পলক বর্তমান সরকারের দেওয়া সুযোগ-সুবিধাগুলো সম্পর্কে বিদেশি বিনিয়োগকারীদের জানান। এছাড়াও গত ১০ বছরে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি, বিভিন্ন কার্যক্রমসহ প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন। তিনি বলেন, কালিয়াকৈর হাইটেক পার্কে কয়েকটি ব্রিটিশ কোম্পানি বিনিয়োগ করেছে। আগামীতে সিলেটে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, গাজীপুরের কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটিসহ নির্মীয়মাণ ২৮টি আইটি পার্কে ব্রিটিশ বিনিয়োগ আরও বাড়বে।

পলক বলেন, সরকার ব্রিটেনের মন্ত্রী, ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সঙ্গে গত ১০ বছরে একাধিক বৈঠক করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বাড়ছে। প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ এরই মধ্যে ৬০টি দেশে ১ বিলিয়ন ডলারের আইসিটি রপ্তানি এবং এ খাতে ১০ লাখ কর্মসংস্থান করেছে। আগামী চার বছরে আইসিটি রপ্তানি ৫ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত