সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচন আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। চেম্বার নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ ও ‘সিলেট ব্যবসায়ী পরিষদ’ এই দুই প্যানেলে ২২ পরিচালক পদে ৪১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেম্বার সূত্র জানায় মামলা, আদালতের নিষেধাজ্ঞা, সদস্যদের মধ্যে বিরোধে বারবার পেছানোর পর অবশেষে আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। চেম্বার মিলনায়তনে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনে তারা বদ্ধপরিকর।
চেম্বার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন খান বলেন, ২১ সেপ্টেম্বর ধোপাদীঘির পাড়ের একটি কমিউনিটি সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।
এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ২ হাজার ৪৬৫। এর মধ্যে অর্ডিনারি ১৪১৩, অ্যাসোসিয়েট ১০৪০, ট্রেড গ্রুপের ১১ ও টাউন অ্যাসোসিয়েশনের ১। নির্বাচনে পরিচালনা পরিষদের ২২টি পরিচালক পদে সর্বমোট ৪১ প্রার্থীর মধ্যে অর্ডিনারি শ্রেণি থেকে ২৪, অ্যাসোসিয়েট শ্রেণি থেকে ১০ ও ট্রেড গ্রুপ থেকে ৬ প্রার্থী রয়েছেন। টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় একমাত্র প্রার্থী শমসের জামালকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেম্বার প্রশাসক আসাদ উদ্দিন আহমদ, নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শমিউল আলম, নির্বাচন বোর্ডের সদস্য সৈয়দ শামীম আহমদ, জুনেল আহমদ, রাজ উদ্দিন, হারুন আল রশীদ দীপু প্রমুখ।
