মাহমুদউল্লাহর কণ্ঠে আফগান বধের ডাক

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৫ এএম

টানা বাজে পারফরম্যান্সে আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছিল বাংলাদেশের। তবে গতকাল চট্টগ্রামে জিম্বাবুয়েকে দারুণ দাপটে হারিয়ে ফাইনালে উঠে যাওয়া বদলে দিতে পারে ভাঙাচোরা বাংলাদেশকে। ম্যাচটির সেরা খেলোয়াড় মাহমুদউল্লাহর তেমনই বিশ্বাস। ২১ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফাইনালের ড্রেস রিহার্সেল। সেটাকে তাদের পরীক্ষাও মানছেন তিনি।

৩৯ রানের জয়ের ম্যাচে মাহমুদউল্লাহ ৪১ বলে ৫ ছক্কা ও ১ চারে ৬২ রান করে শেষ ওভারে আউট হয়েছেন। টানা দুই ম্যাচ দারুণ খেললেন। তাতে জয় হয়েছে সহজ। আধিপত্যের এক জয়। মাহমুদউল্লাহ এই জয়কে টনিক হিসেবে দেখছেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা ভালো ফল করতে পারছিলাম না। টেস্টে হারলাম, শ্রীলঙ্কার কাছে তিন ম্যাচ হারলাম, আফগানিস্তানের কাছে টি-টোয়েন্টি ম্যাচ হারলাম।’ দলও খুব চাচ্ছিল এমন কিছুÑ জানালেন তিনি, ‘আমার মনে হয় সবার মধ্যে এই স্পৃহাটা ছিল। টিমের মধ্যে এ নিয়ে অনেক কথা হয়েছে। আজ (গতকাল) যেমন আমরা আধিপত্য বজায় রেখে জিতলাম আমাদের পরের ধাপ হলো আফগানিস্তানের সঙ্গে কীভাবে আমরা একই রকম বা আরও ভালো পারফর্ম করে ম্যাচটা জিততে পারি এবং ফাইনালের জন্য তৈরি হতে পারি। যেটা আমাদের আরও বেশি আত্মবিশ্বাস দেবে।’

আফগানদের বিপক্ষে প্রথম হারের শোধ নেওয়ার সময় সামনে। র‌্যাঙ্কিংয়ে যদিও তারা ৭, বাংলাদেশ ১০। র‌্যাঙ্কিংয়ের প্রসঙ্গ টেনেই ফাইনালের আগে ফাইনালের জন্য তৈরি হওয়ার ডাক দিলেন মাহমুদউল্লাহ, ‘আগামী ম্যাচ আমার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। আমাদের খেয়াল রাখতে হবে যেন আমাদের সেরা পারফরম্যান্স দিয়েই ম্যাচটা জিততে পারি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই আত্মবিশ্বাসটা ওই ম্যাচে নিয়ে যাওয়া।’

৭২ ইনিংসে মোটে ৪ ফিফটি হলো। কিন্তু মাহমুদউল্লাহ বলছিলেন, ‘আমি দলের জন্য খেলি। ফিফটি আমার কাছে মানে রাখে না। জয় মানে রাখে।’ দৃপ্ত কণ্ঠে এই উচ্চারণের সঙ্গে জানান, ‘আমি যেকোনো পজিশনে ব্যাট করার জন্য তৈরি থাকি।’

গতকালের জয়ে নাজমুল হোসেন শান্ত আর লিটন কুমার দাসের ৪৯ রানের ওপেনিং জুটিকে কৃতিত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ। মুশফিকের প্রসঙ্গে টেনে বললেন, ‘মুশি খুব ভালো ব্যাট করেছে।’ খুব প্রশংসা করেছেন অভিষিক্ত ১৯ বছরের লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের। ‘ব্যক্তিগতভাবে চাচ্ছিলাম যাতে বিপ্লব খুব ভালো করে। ওর খেলা আমি দেখিনি। তবে যখন নেটে ওকে ঢাকায় দেখলাম আমার এই অনুভূতি হয়েছে যে, ওর মধ্যে কোনো এক্স ফ্যাক্টর আছে।’ বিপ্লবের সুন্দর ভবিষ্যৎ কামনা করে মাহমুদউল্লাহর উচ্চারণ, ‘সাকিবের সঙ্গে কথা বলছিলাম, যে সাহস নিয়ে ও বল করেছে তা অসাধারণ। ও যেভাবে শুরু করেছে তা যদি ধরে রাখতে পারে, তা হলে বাংলাদেশের জন্য আরও বেশি সাফল্য বয়ে আনতে পারবে।’ সব বোলারের পিঠ চাপড়ে বলেছেন, ‘আমাদের বোলিং সাইড অসাধারণ ছিল। শফিউল অনেক দিন পর ফিরে দুর্দান্ত করেছে। সাকিব, মোস্তাফিজ, সাইফউদ্দিনরা সবাই অসাধারণ ছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত