ব্যালন ডি’অর সমান পাঁচবার করে পেয়েছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। গতবারের আগ পর্যন্ত টানা ১০ বছর এই দুজনের দখলে ছিল পুরস্কারটি। গতবার লুকা মড্রিচ ব্যালন ডি’অর জিতে ওই প্রথা ভাঙেন। রোনালদোর দাবি ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের দেওয়া মর্যাদার এই পুরস্কারটি তারই বেশি প্রাপ্য। পর্তুগিজ তারকা মনে করেন ব্যালন ডি’অরের হিসাবে মেসির চেয়ে এগিয়ে থাকাটা তার উচিত।
এ বছর ডিসেম্বর ২০১৮-১৯ মৌসুমের ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা হবে। ওই পুরস্কারে চোখ রোনালদোর। তার আগে ব্রিটেনের এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জুভেন্তাস তারকা, ‘মেসি অবশ্যই ফুটবল ইতিহাসের অন্যতম একজন। কিন্তু আমি ওর চেয়ে এগিয়ে থাকার দাবি রাখি। এ জন্য আমাকে ছয়, সাত বা আটটি ব্যালন ডি’অর জিততে হবে। ক্যারিয়ারে ওর চেয়ে এগিয়ে থাকতে চাই। ব্যালন ডি’অর পুরস্কারটি আমি ভালোবাসি। আমি বিশ্বাস করি এই তালিকায় সবার চেয়ে এগিয়ে থাকাটা আমার প্রাপ্য।’
ক্যারিয়ারে অনেক সাফল্যের মধ্যে রোনালদোর কাছে ইউরোই সবচেয়ে এগিয়ে। ২০১৬ ইউরোতে প্রথমবারের মতো মহাদেশীয় টুর্নামেন্টের শিরোপা জিতে পর্তুগাল। এছাড়া ইউরোপিয়ান নেশন্স লিগের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয় রোনালদোর পর্তুগাল। এসব সাফল্যের জন্যই ৩৪ বছর বয়সেও এগিয়ে যেতে চান রোনালদো, ‘আমি রেকর্ড অনুসরণ করি না, রেকর্ডই আমাকে অনুসরণ করে। এই রকম সাফল্য পাওয়ায় আমি অভ্যস্ত এবং এটা আমার কাছে ভালো লাগে। এর জন্যই আমি এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই।’
