প্রদীপ্ত ভট্টাচার্যের ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ সিনেমায় শুক্রবার পশ্চিমবঙ্গে অভিষেক হওয়ার কথা রয়েছে ঢাকার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির। কিন্তু নামী এই নির্মাতার ছবি কলকাতায় কোনো হল পায়নি।
আনন্দবাজার পত্রিকা জানায়, বুধবার রাতে পাওয়া হল লিস্টে রয়েছে ত্রিপুরা, কোচবিহার, শিলিগুড়ির কয়েকটি হলের নাম। কলকাতার কাছাকাছি এলাকা সোদপুর ও বারুইপুরে একটি করে হল পেয়েছে ছবিটি।
এই অবস্থায় ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ মুক্তি নিয়ে দ্বিধায় আছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রদীপ্ত।
তিনি জানান, মাল্টিপ্লেক্সের মালিকদের সঙ্গে বৃহস্পতিবার সকালে বৈঠক করবেন। যদি একান্তই শো না মেলে, তা হলে আপাতত ছবির মুক্তি স্থগিত রাখা হবে।
প্রদীপ্ত বলেন, ‘‘ছবির গানগুলো ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। আমরা কী দোষ করলাম, কে জানে!’’
এদিকে শুক্রবার একাধিক সিনেমা মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গে। সেই তালিকা ছোট নয়। ‘গোয়েন্দা জুনিয়র’, ‘১৭ সেপ্টেম্বর’, ‘প্রস্থানম’, ‘দ্য জোয়া ফ্যাক্টর’, ‘র্যাম্বো: লাস্ট ব্লাড’সহ মোট ১১টি ছবি। প্রতিটিই কমবেশি হল পেয়েছে কলকাতায়। যার মধ্যে কয়েকটি বাংলা ছবি টাকা দিয়ে হল পেয়েছে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি মুক্তি পাওয়া ছবিগুলোও ভালোই চলছে বিভিন্ন হলে। তাই সেই শোগুলোও কমানো যাচ্ছে না।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্ল্যাসিক উপন্যাসের আধুনিক চিত্রায়ন ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। জ্যোতিকার বিপরীতে আছেন ঋত্বিক চক্রবর্তী।
