সাংবাদিকদের ডিএমপি কমিশনার

ঢাকায় কাউকে ক্যাসিনো চালাতে দেওয়া হবে না

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১৭ এএম

ক্লাবের আড়ালে যারা ক্যাসিনো পরিচালনা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ক্যাসিনো পরিচালনাকারীরা যত প্রভাবশালীই থাকুন না কেন, তাদের বিরুদ্ধে কঠোর হবে পুলিশ। ইতিমধ্যে রাজধানী ঢাকায় জুয়ার বোর্ড ও ক্যাসিনোর তালিকা করা শুরু হয়েছে। র‌্যাবের পাশাপাশি পুলিশও তাদের বিরুদ্ধে শক্ত অভিযান পরিচালনা করবে। গতকাল বৃহস্পতিবার মিন্টো রোডে ডিএমপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে অবৈধ জুয়ার আড্ডা বা কোনো ধরনের ক্যাসিনো পরিচালনা করতে দেওয়া হবে না। আমি এ সপ্তাহেই কমিশনার হিসেবে কাজ শুরু করেছি। যারা এ বিষয় দেখেন তাদের নির্দেশ দিয়েছি কোথায় কী হচ্ছে, কারা পরিচালনা করছে, তার তালিকা করে জানাতে বলেছি। আমাদের অফিসাররা এ বিষয়ে কাজ করছেন।

শফিকুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে একটি জোনের তালিকা আমি পেয়েছি। অন্য জোনের তালিকাও করা হচ্ছে। র‌্যাব যেমন অভিযান শুরু করেছে, তেমনই পুলিশের ভূমিকাও একইরকম। স্পষ্ট করে বলছি, রাজধানীর কোথাও জুয়ার বোর্ড কিংবা ক্যাসিনো চলতে দেওয়া হবে না।’ ক্যাসিনো অনেকদিন থেকেই চলছে; আগে ব্যবস্থা নেওয়া হয়নি কেনÑ জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, আইনপ্রয়োগের ক্ষেত্রে আমরা কঠোর। সেটা যে পর্যায়েই হোক না কেন। বিভাগের ডিসিদের নির্দেশনা দিয়েছি এ ধরনের ঘটনা মোটেও সহ্য করব না। এরপরও যদি কেউ জুয়ার বোর্ড কিংবা ক্যাসিনো পরিচালনা করে বা জড়িত থাকে বলে জানতে পারি, তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্যাসিনোতে মাদকসেবন হয় জানিয়ে তিনি বলেন, ‘ক্যাসিনোতে যারা জুয়া খেলতে আসে তারাই মাদক সেবন করছে। ক্যাসিনো যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেখানে মাদকসেবনও বন্ধ হবে। ক্যাসিনো বন্ধ করেও যদি কেউ মাদকের কারবার চালানোর চেষ্টা করে, তবে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শফিকুল ইসলাম বলেন, নির্মল বিনোদন হলে পুলিশ সহযোগিতা করবে। কিন্তু সেখানে বিনোদনের নামে যদি অশালীন ও অবৈধ কিছু চলে; মাদকসেবন হয় তাহলে একইরকম পদক্ষেপ গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত