মাগুরায় বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে ফেরার পথে ট্রাকচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। তার নাম আল ফরহাদ কাজী (১০)। গত বুধবার সন্ধ্যায় মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া কবরস্থান মোড়ে এ ঘটনা ঘটে। সে শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের তফাজ্জল কাজীর ছেলে ও স্থানীয় আলোকিত প্রাইভেট স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। স্কুলের পরিচালক জাহিদুল ইসলাম জুয়েল জানান, শ্রীপুর বাজার এলাকা থেকে বন্ধুর সঙ্গে দেখা করে সন্ধ্যায় ফরহাদ বাইসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিল। এ সময় মাগুরা থেকে ছেড়ে আসা শ্রীপুরমুখী সিমেন্টবোঝাই একটি ট্রাক ঘটনাস্থল অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফরহাদকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
শ্রীপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। চালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটিকে জব্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ভৈরবে বাস ও অটোরিকশা সংঘর্ষ, নিহত ২ : কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অপর চারজন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের ভৈরবের কালিকাপ্রসাদের গাজীরটেক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় এক শিশুসহ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর বিকেলে লিটন মিয়া ও সজীব নামে দুজন মারা যায়।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার কিশোর কুমার ধর জানান, দুপুর দেড়টার দিকে দুর্ঘটনায় গুরুতর আহত অটোরিকশা যাত্রী লিটন মিয়া (৩৫) ও তার ছেলে জয় (১৫), বাচ্চু মিয়া (৪০) ও তার ছেলে সজীব (১০), মানিক মিয়া (৪০) ও অটোরিকশাচালক মামুনকে (৩০) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে স্থানীয় লোকজন।
মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় গতকাল বৃহস্পতিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে জেলার গজারিয়া উপজেলার আলীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ইছাপুরা গ্রামের মো. মোস্তফার ছেলে জাকির হোসেন (২৫) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে মিরাজ (১৮)।
গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন জানান, ঢাকা থেকে চাঁদপুরের হাজীগঞ্জের ইছাপুরা গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন মোটরসাইকেলের দুই আরোহী। পথে গজারিয়া উপজেলার আলীপুরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক জাকির মারা যান। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান মোটরসাইকেলের আরোহী মিরাজ।
শাহজাদপুরে লরিচাপায় নির্মাণশ্রমিক নিহত : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরিষাকোল গুচ্ছগ্রামের পাশে নগরবাড়ি-বগুড়া মহাসড়কে ট্যাংকলরিচাপায় গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চায়না বেগম (৪৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত ও এক অজ্ঞাত মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।
শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, নির্মাণশ্রমিক চায়না বেগম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে তার নাম জানা যায়নি।
