অথচ পাকিস্তানে যেতে চায় অস্ট্রেলিয়া

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২৭ পিএম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর স্থগিত করেছিল, সেই তারা পাকিস্তানে যাওয়ার ব্যাপারে আশাবাদী। এই কথা তারা এমন এক সময়ে বলল, যখন শ্রীলঙ্কা দলকে পাকিস্তান থেকে তথাকথিত জঙ্গি হামলার হুমকি দেওয়া হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন রবার্টস জানিয়েছে, ২০২২ সালে তারা পাকিস্তান সফরে যেতে চান। তবে সিদ্ধান্তে পৌঁছাতে কোনো তাড়াহুড়া করবেন না।

২০২২ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা অজিদের।

গত এক দশকের ভেতর প্রথমবারের মতো সম্প্রতি পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি দেখতে যান ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তারা। সেখান থেকে ফিরে রবার্টস সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

‘আমি সত্যি আশা করি বিশ্ব ক্রিকেটের খাতিরে এবং পাকিস্তানের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ সম্পর্কের কারণে আমরা সেখানে খেলতে যাব,’ বলছিলেন রবার্টস।

১৯৯৮ সালের পর থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে খেলতে যায়নি অস্ট্রেলিয়া।

এশিয়ার ভারত বাদে অন্য দেশগুলোতে সফরের ব্যাপারে অস্ট্রেলিয়া বরাবরই খুঁতখুঁতে।

২০১৬ সালের অক্টোবরে বাংলাদেশে দুটি টেস্ট ও একটি প্রস্তুতি ম্যাচ খেলার সূচি ছিল তাদের। সেজন্য তারা ১৫ সদস্যের দলও ঘোষণা করেছিল। কিন্তু সফর শুরুর ৪৮ ঘণ্টা আগে নিরাপত্তার অজুহাত দেখিয়ে অস্ট্রেলিয়া সরকার দেশটির ক্রিকেট দলকে বাংলাদেশ সফরে যেতে নিষেধ করে। একই ইস্যুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটেও তখন অংশ নেয়নি তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত