খাবারে ‘বড়শি ও কেঁচো’ পাওয়ায় রাবির হলে ভাঙচুর

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৩ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হলের ডাইনিংয়ের খাবারে মাছ ধরার বড়শি এবং কেঁচো পাওয়ার অভিযোগ তুলে শিক্ষার্থীরা বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। গতকাল শুক্রবার দুপুরে তারা হলের চেয়ার, সিসি ক্যামেরা ভাঙচুর করেন। পরে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্র্তৃপক্ষ। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, হলের আবাসিক শিক্ষার্থী বাংলা বিভাগের ইমরান হোসেন ডাইনিংয়ে দুপুরের খাবার খাওয়ার সময় মাছ ভর্তার মধ্যে বড়শি ও কেঁচো পান। সেটি জানাজানি হলে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে হল প্রাধ্যক্ষ ড. একরাম হোসেন এসে শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান এসে প্রাধ্যক্ষসহ শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন। তারা সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে নেন। প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান জানান, শিক্ষার্থীদের অভিযোগ তদন্তে হলের আবাসিক শিক্ষক সাইফুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন আবাসিক শিক্ষক ড. আব্দুল হালিম ও ড. ছালেকুজ্জামান খান। অভিযোগের সত্যতা পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত