শিশুদের মধ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আগ্রহ জাগাতে সিলেট নগরীর আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে মুক্তিযুদ্ধ কর্নার। এই কর্নারে ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৬৯-এর গণঅভ্যুত্থান, জাতির জনকের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, ’৭১-এর রক্তক্ষয়ী মুক্তি সংগ্রাম, ’৭৫-এর ১৫ আগস্ট জাতির জনককে নির্মমভাবে সপরিবারে হত্যা, জেলা হত্যাসহ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার সংক্ষিপ্ত বিবরণ ও ছবি সংযুক্ত করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে কর্নারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
এ সময় কামরান বলেন, ‘নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। এজন্য প্রতিটি স্কুল-কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন প্রয়োজন। তাহলে জীবনের শুরুতেই শিশুরা বাংলাদেশের প্রকৃত ইতিহাস জেনে বেড়ে উঠতে পারবে। কোনো অশুভ চক্র মিথ্যা ইতিহাস দিয়ে তাদেরকে বিভ্রান্ত করতে পারবে না।’
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ পাল দীপু, সহকারী শিক্ষিকা মাহবুব আরা পল্লবী, শরিফা খানম, সামিয়া খাতুন, দিলরুবা ইয়াছমিন প্রমুখ।
