যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি সির রাস্তায় গোলাগুলিতে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে হোয়াইট হাউজ থেকে ৩ কিলোমিটার দূরে কলাম্বিয়া হাইটসে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
গোলাগুলির ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঠিক কী কারণে গোলাগুলি হয়েছে তাও স্পষ্ট নয়। মেট্রোপলিটন পুলিশের কমান্ডার স্টুয়ার্ট এমেরম্যান বলেন, সচরাচর গোলাগুলির ঘটনা যেরকম হয় এটা তেমন ঘটনা ছিল না। ফোরটিনথ স্ট্রিট ও কলাম্বিয়া রোডের ক্রসিংয়ে একটি অ্যাপার্টমেন্ট ভবনের উঠানের বাইরে গোলাগুলি হয়েছে।
ওয়াশিংটন ডি সি পুলিশ দপ্তর থেকে সন্দেহভাজন দুই বন্দুকধারীকে খোঁজা হচ্ছে, যাদের একজনের হাতে একে-৪৭ রাইফেল ছিল। গোলাগুলির কারণ খুঁজতে গোয়েন্দারা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এমেরম্যান।
আহত সবাই প্রাপ্তবয়স্ক। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হলেও সবাই প্রাণে বেঁচে যাবেন বলে আশা প্রকাশ করেন ওই পুলিশ কর্মকর্তা।
