রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম নবছড়া গ্রামে সুধাসিন্ধু খীসার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএনলারমা) দুই কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নিহত রিপেল চাকমার স্ত্রী জোসি চাকমা বাদী হয়ে বাঘাইছড়ি থানায় এ মামলা করেন।
বাঘাইছড়ি থানার ওসি মো. আবুল মনজুর জানান, মামলায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) উপজেলা শাখার সাধারণ সম্পাদক বড় ঋষি চাকমাকে প্রধান আসামি এবং ২৪ জনের নামসহ আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর মধ্যরাতে বাঘাইছড়ির দুর্গম নবছড়ায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়। নিহতরা হলেন রিপেল চাকমা (২৫) ও বর্ষণ চাকমা (২৪)। এ ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র গ্রুপকে দায়ী করেন জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) বাঘাইছড়ি উপজেলার সাধারণ সম্পাদক জ্ঞান জীবন চাকমা।
