জনপ্রিয় কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া তার সাম্প্রতিক কাজ নিয়ে কথা বলেছেনদেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত
বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
সামনে তো পূজা। এখন ফটোশ্যুট নিয়ে ব্যস্ত আছি। গানের পাশাপাশি বেশ কিছু ফ্যাশন হাউজের কাজ করলাম।
গানের কী খবর?
গান তো ভালোই চলছে। আরও কিছু নতুন গান করেছি। এর মধ্যে আসিফ (আসিফ আকবর) ভাইয়ের সঙ্গে একটা নতুন গান করলাম। ওটা শিগগিরই মুক্তি পাবে। শুনেছি মিউজিক ভিডিও করা হবে। তবে মিউজিক ভিডিওতে থাকতে পারব কি না জানি না।
সবশেষ কোন সিনেমার প্লেব্যাক করলেন?
সবশেষ ‘ডেঞ্জার জোন’ সিনেমায় প্লেব্যাক করেছি। এটি ছিল শওকত আলি ইমন ভাইয়ের কাজ। মূলত ওই সিনেমার আইটেম গান হিসেবে গানটিকে ব্যবহার করা হবে।
সবাই তো ইউটিউবের দিকে ঝুঁকছে...
আমারও ইউটিউব চ্যানেল আছে। সাত-আট মাস আগেই চ্যানেল খুলেছি। নিজের নামেই করেছি। তবে ন্যাচারালি আমি এটা চালাব। কোনো রকম বুস্টিং টুস্টিং ছাড়াই যেভাবে এটাকে ভালো করা সম্ভব সেটা করব। আমি আসলে ধীরে ধীরে এগোতে চাই। অন্যদের মতো তাড়াহুড়ো করে প্রমোশন করতে চাই না। শুধু গান নয়, নতুন গান আপলোড করলেও বুস্ট করা হবে না। শুধু গান নয়। আমি মাঝে মাঝে ট্যুরে যাই শো করতে। তো সেসব ট্যুরের ভিডিওগুলোও আপলোড দেব। ট্যুর ডায়েরি হিসেবে এগুলো ইউটিউবে প্রকাশ করব। ইতিমধ্যে কিছু আপলোড করেছিও।
ইউটিউব করার চিন্তা কীভাবে?
কারও দেখাদেখি ইউটিউব করার সিদ্ধান্ত নিইনি। আসলে এখন তো আমরা সবাই ডিজিটাল হয়ে যাচ্ছি। সবাই সবকিছু অনলাইনেই খুঁজছি। ফলে ভাবলাম আমার গান, টিভি লাইভ বা অন্য অনুষ্ঠানগুলোও যদি একটা প্ল্যাটফর্মে থাকে তাহলে মন্দ নয়। যা যা করছি সবই আমি এখানে আপ করার চেষ্টা করব।
মিউজিক ভিডিওতে আপনার অভিনয় দর্শকের নজর কেড়েছে। নাটক, সিনেমায় অভিনয় করার ইচ্ছে আছে কি?
না না না। ওগুলোতে কোনো ইচ্ছে নেই। নায়িকা হওয়ার কোনো ইচ্ছে নেই। আমি গান নিয়ে আছি, গান নিয়েই থাকব।
যদি ভালো কোনো কাজের অফার আসে...
কাজের অফার তো সব সময় পাচ্ছি। সিনেমা বা নাটকে কাজের অফার তো পাচ্ছিই। তবে বিভিন্ন ফ্যাশন কোম্পানি বা লাইফস্টাইল রিলেটেড কোম্পানিগুলোর টুকটাক কাজের যে অফারগুলো পাচ্ছি সেগুলো তো করছিই। তবে পুরোদস্তুর সিনেমা বা নাটকে অভিনয় করার কোনো ইচ্ছে নেই। মাঝে একটা বাইকের বিজ্ঞাপনেও কাজ করেছি।
শুনলাম নামাজি পাত্র খুঁজছেন, পাওয়া গেল কি?
পাত্র খুঁজছি। পেয়েই যাব মনে হয়। সবাই যেভাবে এটাকে ভাইরাল করল তাতে তো মনে হয় এবার পাত্র পাওয়া ছাড়া আর উপায় নেই (হা হা হা)।
