নেইমারকে নিয়ে সদ্য শেষ হওয়া দলবদলের সময় নাটক গড়িয়েছিল অনেকদূর। শেষ পর্যন্ত বার্সেলোনায় যাওয়া হয়নি ব্রাজিল তারকার। পিএসজিতেই আছেন। বার্সেলোনার চিফ অপারেটিং অফিসার (সিইও) অস্কার গ্রাউ জানিয়েছেন, নেইমারকে কেনার সব রকম চেষ্টা করেছিলেন তারা। কিন্তু পিএসজি নেইমারকে বিক্রি করতে রাজি হয়নি। আরও জানিয়েছেন, আসছে জানুয়ারিতে কোনো খেলোয়াড় কেনার আগ্রহ আপাতত নেই কাতালান ক্লাবটির। এদিকে ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার কাকা নেইমারকে পরামর্শ দিয়েছেন পিএসজিতেই থাকতে।
২০০৭ ব্যালন ডি’অর জয়ী ব্রাজিলিয়ান ফুটবলার কাকা নেইমারের পিএসজিতে থাকার ব্যাপারে পরামর্শ দিয়ে বলেন, ‘আমি বলব নেইমারকে পিএসজিতেই থাকতে। এটা তার জন্য এবং ক্লাবের জন্য (পিএসজি) ভালো। পিএসজি সব সময়ই চায় চ্যাম্পিয়ন্স লিগ জয় করার মতো দল গড়তে। আমার মতে, নেইমার হতে পারে এই প্রকল্পের (চ্যাম্পিয়ন্স লিগ জয়) অন্যতম নেতা। এটাই দারুণ হবে। তার জন্য বছরটা দুর্দান্ত হবে বলে মনে করি। তার বয়স মাত্র ২৭, এই সময় অনেকেই ভুল করে এবং সেই ভুল থেকে শিক্ষা নেয়। নেইমার অবশ্যই তার ভুল বুঝেছে।’
বার্সেলোনা সিইও জানিয়েছেন, কোচ এরনেস্তো ভালভার্দে খুব করে চাইছিলেন নেইমারকে দলে পেতে। সেই লক্ষ্যে স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালকে নিয়ে প্যারিসও গিয়েছিলেন অস্কার। তিনি বলেন, নেইমারের জন্য অনুরোধ করেছিলেন কোচিং স্টাফ ও কোচ। ক্লাবের পক্ষ থেকে সম্ভাব্য সবই করা হয়েছিল নেইমারকে পেতে। ভিন্ন ভিন্ন অফারও দেওয়া হয়েছিল, তবে পিএসজি সবই নাকচ করে দেয়।’
ক্লাব বার্সেলোনা তাদের বার্ষিক হিসাবের রিপোর্ট প্রকাশ করেছে। সেই অনুষ্ঠানেই এসব কথা জানান অস্কার। রিপোর্টে জানানো হয়েছে, ক্লাবটি গেল বছর রেকর্ড ৯৯০ মিলিয়ন ইউরো লাভ করেছে।
