বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

বিনিয়োগ বৃদ্ধিতে পরিবহনে দৃশ্যমান উন্নতি হয়েছে

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৭ এএম

আওয়ামী লীগের আমলে পরিবহন খাতে বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার ‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত’ দিবস উপলক্ষে গতকাল শনিবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় রাষ্ট্রীয় গণপরিবহনব্যবস্থার পরিধি বেড়েছে। সড়ক পরিবহনব্যবস্থায় শৃঙ্খলার উন্নতি ঘটেছে। মহাসড়ক নেটওয়ার্ক আগের তুলনায় অনেক স্বস্তিদায়ক হয়েছে।

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসের এবারের প্রতিপাদ্য ‘সেফ ওয়াকিং এবং সাইক্লিং’। শেখ হাসিনা বলেন, যানজট, বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা হ্রাস করার

লক্ষ্যে সরকার সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা (আরএসটিপি) প্রণয়ন ও বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগরীর যানজট নিরসনে ও ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা হ্রাসে দেশের প্রথম মেট্রোরেল নির্মাণের কাজ পুরোদমে চলছে। ঢাকা ও গাজীপুর মহানগরীর জনসাধারণের দ্রুত যাতায়াতের সুবিধার্থে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি)-(গাজীপুর-এয়ারপোর্ট) করিডর নির্মাণের কাজও এগিয়ে চলছে।

তিনি বলেন, আরএসটিপি বাস্তবায়নের অংশ হিসেবে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা চালানো হচ্ছে। এ দুটি লাইনে প্রথমবারের মতো প্রায় ৩২ কিলোমিটার পাতাল রেলের সংস্থান রাখা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ঢাকা মহানগরীতে প্রথমবারের মতো পথচারী রোড প্রবর্তনের সুযোগ পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীরা গণপরিবহনে যাতায়াতের সুবিধা ভোগ করতে পারবেন।

দিবসটি পালনের জন্য ঢাকা পরিবহন সমন্বয় কর্র্তৃপক্ষ (ডিটিসিএ) ও অন্যান্য সরকারি-বেসরকারি সংস্থাকে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘ব্যক্তিগত গাড়ি ছেড়ে গণপরিবহনে যাতায়াত উৎসাহিত করার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ২২ সেপ্টেম্বর ২০১৯ বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত।’ বাণীতে তিনি দিবসটি পালনের মধ্য দিয়ে গণপরিবহনে যাতায়াত উৎসাহিত হবে বলে আশা প্রকাশ এবং বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০১৯-এর সার্বিক সফলতা কামনা করেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী বর্তমানে নিউ ইয়র্কের পথে রয়েছেন। গত শুক্রবার বিকেলে ঢাকা থেকে রওনা হয়ে সন্ধ্যায় তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পৌঁছান। আজ সকালে সেখান থেকে তিনি নিউ ইয়র্কের পথে যাত্রা শুরু করবেন। বিকেল সাড়ে চারটার দিকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত