বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচকে সামনে রেখে জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হচ্ছে বুধবার থেকে। ১০ অক্টোবর ঢাকায় বাংলাদেশ খেলবে এশিয়ার অন্যতম পরাশক্তি কাতারের বিপক্ষে। পাঁচদিন পর পশ্চিমবঙ্গের সল্টলেক স্টেডিয়ামে স্বাগতিক ভারতের সঙ্গে খেলবে জামাল ভুইয়ারা। এ দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি স্বরূপ ভুটানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ২৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচের পর ৩ অক্টোবর হবে দ্বিতীয় ম্যাচটি। দুটি ম্যাচই হবে ঢাকায়।
২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ভুটান। র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে দু’ধাপ এগিয়ে থাকা ভুটানকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ার খবরটা দিয়েছেন বাফুফের সহ-সভাপতি এবং জাতীয় দল কমিটির কো-চেয়ারম্যান তাবিথ এম আউয়াল, ‘আমরা চাইছিলাম একটি জাতীয় দলের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে। সেই লক্ষ্য পূরণ হয়েছে। ভুটান দুটি ম্যাচ খেলতে সম্মত হয়েছে। আসলে এশিয়ার বেশিরভাগ দল এখন বিশ্বকাপ বাছাইপর্ব নিয়ে ব্যস্ত। সুতরাং প্রস্তুতি ম্যাচের জন্য প্রতিপক্ষ পাওয়া কঠিন ছিল। আশা করছি ভুটানের সঙ্গে ভালো দুটি ম্যাচ খেলবে দল।’ তাবিথ আরও যোগ করেন, ‘ভুটানের বিপক্ষে হারজিত নিয়ে আমরা মোটেই ভাবছি না। কারণ এই ম্যাচ দুটির মধ্য দিয়ে কোচ চাইবে তার শিষ্যদের ভালোভাবে তৈরি করতে। কারণ ভুটানের বিপক্ষে যে কৌশলে দল খেলবে, ঠিক একই কৌশলে শক্তিশালী কাতার ও ভারতের বিপক্ষে খেলা সম্ভব হবে না।’
তাজিকিস্তানের গত ১০ সেপ্টেম্বর আফগানিস্তানের কাছে ১-০ গোলে হারের মধ্য দিয়ে বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ। এরপর জাতীয় দলের ফুটবলারদের দেওয়া হয়েছে বিরতি। বুধবার থেকে ইংলিশ কোচ জেমি ডের অধীনে শুরু হয়ে যাবে ক্যাম্প। কোচ এই ক্যাম্প নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ‘এই ক্যাম্পের জন্য অপেক্ষা করে আছি। কারণ দুটি কঠিন ম্যাচের জন্য দলকে প্রস্তুত করতে হবে। এই ম্যাচগুলোতে আমরা ভালো খেলতে চাই যাতে শক্তিশালী দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা অর্জন করতে পারি।’
২০১৬ সালে এই ভুটানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের প্লে-অফে ৩-১ ব্যবধানে হেরে প্রায় আড়াই বছরের নির্বাসনে চলে গিয়েছিল বাংলাদেশ। যদিও গত বছর সাফ চ্যাম্পিয়নশিপের মোকাবিলায় ভুটানকে ২-০ ব্যবধানে হারায় বাংলাদেশ।
