থাইল্যান্ডে ব্যক্তিগত রেকর্ড মাবিয়ার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৬ এএম

থাইল্যান্ডে চলমান ওয়ার্ল্ড ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত রেকর্ড গড়েছেন মাবিয়া আক্তার সীমান্ত। ৬৪ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলে ১৮৩ কেজি ওজন তোলেন দেশ সেরা এই ভারোত্তোলক।

শনিবার ও রবিবার অনুষ্ঠিত হয় মেয়েদের ৬৪ কেজি ইভেন্ট। ডি গ্রুপে থাকা মাবিয়া লড়েছেন শনিবার রাতে। স্ন্যাচে সর্বোচ্চ ৮০ ও ক্লিন অ্যান্ড জার্কে সর্বোচ্চ ১০৩ কেজি ওজন তোলেন মাবিয়া। এর আগে মাবিয়ার ব্যক্তিগত রেকর্ড ছিল ১৮২ কেজি।

তবে ব্যক্তিগত রেকর্ড করলেও কোয়ালিফায়েড ৩৬ জন প্রতিযোগীর মধ্যে মাবিয়ার অবস্থান ছিল ৩৪ তম। এই ইভেন্টে চীনের দেং ওয়ে সোনা জয় করেন সর্বমোট ২৬১ কেজি (১১৬+১৪৫) ওজন তোলে।

তবে ব্যক্তিগত সেরা পারফরম্যান্স মেলে ধরতে পেরেই মাবিয়া খুশি। চান আরো উন্নতি করতে। প্রতিযোগিতা শেষে থাইল্যান্ড থেকে দেশ রূপান্তরকে মাবিয়া বলেন, ‘আসলে এটা নিয়ে বসে থাকলে হবে না। আরো ভালো করতে হবে। সেই লক্ষ্যেই আমি এগোব।’

মাবিয়া এখন চোখ রাখছেন অলিম্পিকে কোটা প্লেসে। বললেন, ‘এই পারফরম্যান্স আমার বিশ্বাস আরো বাড়াল। আশা করি স্বপ্ন পূরণ সম্ভব, যদি ট্রেনিংটা নিয়মিত হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত