‘মিসেস ওয়ার্ল্ড’-এর জন্য তৈরি হচ্ছি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৩ এএম

প্রথম ‘মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হয়েছেন মুঞ্জারিন মাহবুব অবনী। তবে এর আগে থেকেই মিডিয়ার পরিচিত মুখ তিনি। নতুন এই অর্জন ও সামনের পরিকল্পনা নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

প্রথম ‘মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হওয়ার অনুভূতি কেমন?

এ অনুভূতি আসলেই স্পেশাল। কারণ এটা আমার নতুন এক শুরু। বিয়ের পর মিডিয়ায় কাজ বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু ভেতরে তো একটা টান ছিলই। কারণ আজ যদি কেউ আমাকে চিনে থাকে তা এই শোবিজে কাজের জন্যই। এজন্য ফেইসবুকে যখন মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশের বিজ্ঞাপন দেখলাম তখন আবার ফেরার ইচ্ছা জাগে। বায়োজিন কসমেসিউটিক্যালস এদেশে প্রথমবারের মতো আয়োজন করেছে ‘মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ নামের এই ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো। গত ২১ সেপ্টেম্বর গুলশান ক্লাবে হয়ে গেল এর গ্র্যান্ড ফিনালে। সারা দেশ থেকে দুই সহস্রাধিক বিবাহিত প্রতিযোগীর অংশগ্রহণে শুরু হয় এই অনুষ্ঠান। প্রাথমিক নির্বাচন ও পর্যায়ক্রমে বিভিন্ন রাউন্ডের অডিশন, গ্রুমিং এবং মোটিভেশনাল সেশনের মাধ্যমে নির্বাচন করা হয় টপটেন। অডিশন, গ্রুমিং এবং মোটিভেশনাল সেশনে বিচারক এবং মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য ফ্যাশন ও মিডিয়া ব্যক্তিত্বরা। 

সামনের পরিকল্পনা কী নিয়ে?

এখন তো চোখ ‘মিসেস ওয়ার্ল্ড ২০১৯’ প্রতিযোগিতার দিকে। আগামী ৬ ডিসেম্বর লাস ভেগাসে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। এবারের স্লোগান হলো- নারীশক্তি ও নারী জাগরণকে একধাপ এগিয়ে দেওয়া। আমি নিজেকে সেভাবেই প্রস্তুত করছি। নিয়মিত জিম করছি। ক্যাটওয়াক, নাচ ও বাচনভঙ্গির চর্চা করছি। বিশেষ জোর দিচ্ছি মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মূল মঞ্চে ক্যাটওয়াকের মাধ্যমে আমার দেশের ঐতিহ্য তুলে ধরতে পোশাকের মাধ্যমে। তাই দেশের বিখ্যাত ব্র্যান্ড ও ডিজাইনারদের সঙ্গে কথা বলছি। যাতে তারা একইসঙ্গে আন্তর্জাতিক মানের ও দেশীয় ঐতিহ্যের মেলবন্ধনে দারুণ কিছু পোশাক ডিজাইন করে দেন।

এর আগেও তো আপনি ইন্টারন্যাশনাল বিউটি কনটেস্টে অংশ নিয়েছেন...

আমি র‌্যাম্প মডেলিং শুরু করি ২০১৩ সালের শেষের দিকে। ২০১৬ সালে চীনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটিতে অংশ নিয়ে টপ ৮-এ জায়গা করে নিই। একই বছরে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ড্যান্স এশিয়া চ্যাম্পিয়নশিপ’ প্রতিযোগিতায় ট্র্যাডিশনাল ড্যান্স বিভাগে চ্যাম্পিয়ন হই। এরপর নিয়মিত দেশের শোবিজে কাজ করেছি। আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্র। এ ছাড়া কাজ করেছি বাগডুম.কমের টিভিসি, লাক্স ফ্যাশন শো, ট্রেসেমে ফ্যাশন শোসহ বড় বড় ফ্যাশন ইভেন্টে। ২০১৭ সালে বিয়ে করি ব্যবসায়ী আরনীব চৌধুরীকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত