হনুমানের থানা ‘ঘেরাও’...

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০৮ এএম

যশোরের কেশবপুরে গতকাল রবিবার দুপুরে বিরল প্রজাতির কালোমুখ হনুমানের দল কেশবপুর থানার প্রধান ফটকে অবস্থান নেয়। তারা একপর্যায়ে ডিউটি অফিসারের কক্ষে ঢুকে পড়ে। তাদের লম্ফঝম্ফে থানা চত্বরসহ পুলিশ হকচকিত হয়ে পড়ে। থানার ওসি মো. শাহিন বলেন, একটি মা হনুমান কোলে বাচ্চা নিয়ে প্রথমে থানায় আসে। বাচ্চাটিকে মারপিট করে আহত করা হয়েছে বলে তিনি জানান। এর পরপরই প্রায় ২০ থেকে ২৫টি হনুমান দল বেঁধে এসে থানার প্রধান ফটকের সামনে ও ডিউটি অফিসারের কক্ষে অবস্থান নেয়।

একপর্যায়ে ওসি হনুমানের ওপর হামলাকারীদের বিষয়ে দেখবেন বলে আশ্বাস দেন। পরে কিছু শুকনো খাবার দিলে ঘণ্টাখানেক অবস্থানের পর তারা চলে যায়।

কেশবপুর উপজেলা বন কর্মকর্তা আবদুল মোনায়েম হোসেন জানান, শহর ও শহরতলিতে পাঁচ শতাধিক হনুমান রয়েছে। তাদের জন্য প্রতিদিন মাত্র ৩৫ কেজি কলা, ২ কেজি বাদাম ও ২ কেজি পাউরুটি দেওয়া হয়; যা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। খাবার না পেয়ে হনুমান মানুষের বসতবাড়ি ও অফিসে ঢুকে পড়ে।

বন কর্মকর্তা আরও বলেন, হনুমান অত্যন্ত স্পর্শকাতর প্রাণী। তাদের ওপর কেউ হামলা করলে তারা দলবদ্ধভাবে এভাবে থানায় যায়। এর আগে এ রকম একাধিক ঘটনা ঘটেছে। এদিকে হনুমানের অপ্রতুল খাদ্য সরবরাহের কারণে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এরা ছড়িয়ে পড়েছে। সেখানে তারা সাধারণ মানুষের কাছে দৈহিক নির্যাতনের শিকার হচ্ছে। যার ধারাবাহিকতায় তারা থানা পুলিশের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে। থানার কর্তার আশ্বাসে তারা আবার থানা চত্বর ছেড়ে খাদ্য অন্বেষণে চলে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত