অভিষেক বচ্চন ও রানি মুখার্জি অভিনীত ‘বান্টি আউর বাবলি’ মুক্তি পায় ২০০৫ সালে। সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন। সিনেমাটি বক্স অফিসে দারুণ ব্যবসা করে। সেই ছবির সিক্যুয়েলের প্রস্তাব ফিরিয়ে দিলেন সাইফ আলী খান, যদিও শুরুতে ‘হ্যাঁ’ বলেছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বেশ কয়েক বছর পর আবার যশরাজ ফিল্মসের ব্যানারে সাইফকে দেখার সম্ভাবনা তৈরি হয়েছিল।
কথা ছিল. ‘বান্টি আউর বাবলি’র সিক্যুয়েলে ছোট নবাব থাকতে পারেন। সবটাই এখন অতীত। কারণ, শোনা যাচ্ছে সাইফ নাকি এই ছবিতে অভিনয় করবেন না বলে জানিয়ে দিয়েছেন।
অবাক করা বিষয় হলো, সাইফ নাকি প্রথমে হ্যাঁ বলে তারপর অভিনয় করবেন না বলে জানিয়ে দেন।
যশরাজ নাকি প্রথমে অভিষেককে এই চরিত্রের জন্য বলেছিল। কিন্তু তিনি খুব একটা উৎসাহ দেখাননি। তারপরে সাইফকে প্রস্তাব দেওয়া হয়। গত সপ্তাহে সবাইকে চমকে দিয়ে তিনি এই প্রজেক্ট থেকে সরে আসেন।
শুটিং নাকি কিছুদিনের মধ্যেই শুরু হওয়ার কথা ছিল। সাইফের এই সিদ্ধান্ত নির্মাতাদের পিছিয়ে দিল। এখন নাম ভূমিকায় নতুন মুখ খোঁজা হচ্ছে।
‘বান্টি আউর বাবলি’তে ব্যবহার হয় বিখ্যাত আইটেম গান ‘কাজরা রে’। এতে অমিতাভ-অভিষেকের সঙ্গে পারফর্ম করেন ঐশ্বরিয়া রাই, তিনি তখনো বচ্চন বধূ হননি।
এদিকে নেটফ্লিক্স সিরিজ ‘সেক্রেড গেম’ দিয়ে তুমুল ফর্মে থাকা সাইফ আলী খানের হাতে রয়েছে দারুণ কিছু সিনেমা।
