হোয়াটসঅ্যাপ থেকেই ফেইসবুকে স্টোরি পোস্ট করা যাবেÑ এমন একটি নতুন ফিচার চালু করা হয়েছে বার্তা আদান-প্রদানের অ্যাপটির অ্যান্ড্রয়েড সংস্করণে।
ইন্সটাগ্রামের মতোই হোয়াটসঅ্যাপ স্টোরিজে ছবি, টেক্সট এবং ভিডিও পোস্ট করতে পারবেন ব্যবহারকারীরা। তবে চব্বিশ ঘণ্টা পর ফেইসবুকের মতোই নিজে থেকে মুছে যাবে পোস্টটি।
টাইমস অব ইন্ডিয়া জানায়, হোয়াটসঅ্যাপ এখনো ফিচারটি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে টুইটারে বেশ কিছু ইউজার এই নিয়ে পোস্ট দিয়েছেন।
এক টুইটার ইউজার বলেন, ‘হোয়াটসঅ্যাপে নতুন একটি ফিচার এসেছে, হোয়াটসঅ্যাপ থেকে ফেইসবুকে স্টোরি শেয়ার করা যাচ্ছে। ব্যাপারটি দারুণ লেগেছে আমার কাছে, ভিন্ন ভিন্ন প্ল্যাটফরমে যোগাযোগের একটি অনন্য মাধ্যম।’
ফিচারটি ব্যবহার করতে শেয়ার বাটন টিপলে যেসব অ্যাপে পোস্ট শেয়ার করা যাবে, তার একটি তালিকা দেখানো হবে। এখান থেকে অ্যাপ বাছাই করলে স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপ স্টোরিটি ওই প্ল্যাটফরমে পোস্ট হবে। এ ছাড়াও ‘শেয়ার টু ফেইসবুক স্টোরি’ বাটনটি টিপলে সরাসরি ফেইসবুক স্টোরিতে হোয়াটসঅ্যাপ পোস্ট শেয়ার হবে।
২০২০ সালের মধ্যে ফেইসবুক ও হোয়াটসঅ্যাপকে একত্র করার পরিকল্পনা রয়েছে ফেইসবুকের সিইও মার্ক জাকারবার্গের।
হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারটি সেই পরিকল্পনা বাস্তবায়নের একটি ধাপ হিসেবে দেখা হচ্ছে। ফেইসবুকের এই পদক্ষেপের মাধ্যমে বিজ্ঞাপনে গ্রাহকের অংশগ্রহণ আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।
