ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫৫ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার ভোরের ওই ঘটনায় নিহতের নাম আবদুল মজিদ (৩২) ।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমন চৌধুরী জানান, নিহত ব্যক্তি কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পের বাসিন্দা আবদুল মালেকের পুত্র। তার মরদেহটি সোমবার সন্ধ্যায় বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি এলাকার সীমান্তে ভোররাতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে মজিদের মরদেহের সন্ধান পান।
এর আগে গত ৩ সেপ্টেম্বর এই সীমান্তের থোয়াইংগা ঝিরি এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক নিহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত