বাস ঘোরাচ্ছিল হেলপার, চাপায় চালকের মৃত্যু

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩৩ এএম

হেলপারকে দিয়ে বাস ঘোরানোর সময় চাপা পড়ে মারা গেছেন এক চালক। গতকাল সোমবার রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ডে দুই বাসের মাঝখানে চাপা পড়ে জাহাঙ্গীর আলম (২৬) নামে ওই চালকের মৃত্যু হয়। তিনি ঢাকা-কচুয়া রুটে চলাচলকারী সুরমা সুপার পরিবহনে কর্মরত ছিলেন। নিহত জাহাঙ্গীরের বাবা হেলাল উদ্দিন দেশ রূপান্তরকে জানান, তাদের বাড়ি চাঁদপুরের কচুয়ার

লক্ষ্মীপুর গ্রামে। সেখানেই থাকেন তারা। বাবা-ছেলে একই বাসে কাজ করেন। গতকাল রাতে স্ট্যান্ডে বাস দাঁড় করিয়ে পাশেই দাঁড়িয়ে ছিলেন জাহাঙ্গীর। এ সময় তাদেরই বাসের হেল্পার (চালকের সহকারী) বাসটি ঘুরিয়ে অন্যদিকে নিচ্ছিল। তখন পাশে দাঁড় করিয়ে রাখা আরেকটি বাসের সঙ্গে ঘষা খায় তাদের বাসটি। এতে দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন জাহাঙ্গীর। পরে বাস সরিয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক রাত সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আব্দুল খান জানান, ময়নাতদন্তের জন্য জাহাঙ্গীরের লাশ মর্গে রাখা হয়েছে।

এদিকে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ৪ জন নিহত হয়েছে। এর মধ্যে ট্রাক উল্টে ঠাকুরগাঁওয়ে চালকের সহকারী, ট্রাকচাপায় মাদারীপুরে মাদ্রাসা শিক্ষার্থী শিশু, ট্রাক ও নসিমনের সংঘর্ষে ঝিনাইদহের শৈলকুপায় নসিমন চালক এবং অটোভ্যান চাপায় সিরাজগঞ্জের তাড়াশে শিশু নিহত হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরÑ 

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও-পঞ্চগড় সড়কের সালন্দর নামক স্থানে ট্রাক উল্টে আনোয়ার হোসেন আনু (৫০) নামে চালকের সহকারী মারা গেছেন। তার বাড়ি পঞ্চগড় জেলার জগদল গ্রামে। গতকাল সোমবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী খালি ট্রাকটি সালন্দর নামক স্থানে এসে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ওই ট্রাকের সহকারী মারা যান।

মাদারীপুর : মাদ্রাসা থেকে ফেরার পথে ট্রাকচাপায় সিজান ব্যাপারী নামে ৭ বছর বয়সী এক শিশু মারা গেছে। গতকাল দুপুরে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের মহিষেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  সিজান মহিষেরচর পাকা মসজিদ এলাকার সোহাগ ব্যাপারীর ছেলে ও তাযকিয়াতুন নিসা মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র ছিল।

ঝিনাইদহ : শৈলকুপার ভাটই বাজারে ট্রাক ও নসিমনের সংঘর্ষে ফজলু বিশ্বাস (৩০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। ফজলু বিশ্বাস উপজেলার কুলচারা গ্রামের শামসুদ্দিন বিশ্বাসের ছেলে। শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, সকালে নসিমন নিয়ে বাড়ি থেকে ভাটই বাজারের দিকে যাচ্ছিলেন ফজলু বিশ্বাস। পথে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী ট্রাকের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।

সিরাজগঞ্জ : তাড়াশ উপজেলার বারুহাস-রানীরহাট সড়কের দিঘুরিয়া গ্রামে গতকাল সকালে অটোভ্যান চাপায় সুমাইয়া খাতুন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। সুমাইয়া উপজেলার বারুহাস ইউনিয়নের দিঘুরিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত