ইনজুরির কারণে লা লিগায় দলের প্রথম ৪ ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ৬০ মিনিটের পর খেলতে নামেন এ মৌসুমে প্রথমবার। দেশে ফিরে শনিবার লা লিগায় নামেন প্রথম গ্রানাডার সঙ্গে ম্যাচে। দ্বিতীয়ার্ধের শুরুতে খেলতে নেমেও কিছুই করতে পারেননি। ২-০ গোলে হেরে যায় বার্সেলোনা। এই হারের হতাশার মধ্যেই মিলানে ছুটতে হয়েছিল লিওনেল মেসিকে। সেখানে ক্যারিয়ারে ষষ্ঠবার ফিফার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন। কিন্তু দলের অবস্থার কারণে আনন্দ লুকিয়ে রাখতে হচ্ছে মেসিকে। তবে আর্জেন্টাইন তারকা ঠিকই জানেন কীভাবে ফিরতে হবে এবং তার বিশ্বাস দ্রুত ফিরবে তার দল।
লা লিগার শুরুটা গত ২৫ বছরের মধ্যে সবচে বাজে বার্সেলোনার। ৫ ম্যাচে দুটি করে জয়-হার এবং একটি ড্র-তে মাত্র ৭ পয়েন্ট তাদের। এতে তালিকার ৮-এ নেমে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের এখন ৪ পয়েন্টের ব্যবধান। নিজেদের বর্তমান অবস্থান নিয়ে মেসি ‘দ্য বেস্ট’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জানান, ‘আমরা সত্যিই খুব বাজেভাবে এই মৌসুম শুরু করলাম। আমরা ম্যাচ বুঝতে পারছি না, পরিস্থিতি বুঝতে পারছি না। প্রতি ম্যাচে যেন এই সমস্যাটা আরও বেড়ে যাচ্ছে। অন্য দলগুলো আমাদের দুর্বলতা খুব সহজেই ধরে ফেলছে। তবে এখনো মৌসুমের শুরুর দিক। আমাদের দ্রুত ফিরতে হবে। আমরা জানি আমাদের সমস্যাগুলো কোথায়, আমাদের দ্রুত এগুলো নিয়ে কাজ করে ফিরতে হবে।’
দলের সঙ্গে বেশি ম্যাচ না খেলায় মেসির বোঝার কথা না সমস্যা কোথায় হচ্ছে। তবুও অধিনায়ক জানালেন, ‘আমাদের যে সমস্যাটা হচ্ছে তা হলো সুযোগ তৈরি করতে না পারা। গোলের মুখে গিয়ে আমরা পরিকল্পনা ঠিক রাখতে পারছি না। তবে এটা সাময়িকÑ অবশ্যই আমরা এই অবস্থা কাটিয়ে উঠব।’
বার্সেলোনায় বর্তমানের মেসির মতোই আলোচনার বিষয় আনসু ফাতি। তরুণ এই সতীর্থের প্রতি মুগ্ধতার কথাও জানালেন মেসি, ‘প্রথম দিন যখন ওকে অনুশীলনে দেখলাম তখনই সে আমার আকর্ষণ কেড়েছে। পরদিন ম্যাচেও ভালো করল। সত্যিই সে দারুণ প্রতিভা। তবে আমাদের ওকে চাপ না দিয়ে নিজের মতো খেলতে দেওয়া উচিত। এইটুকু বয়সে সে বার্সেলোনার হয়ে একাধিক ম্যাচ খেলেছে, এটা দারুণ কিন্তু তাকে ভালো করার জন্য চাপ দিচ্ছি না আমরা।’
