‘নোবেল পুরস্কার যথাযথভাবে দেওয়া হয় না। নিরপেক্ষভাবে দেওয়া হলে, বহু কারণেই আমাকে নোবেল দেওয়া উচিত’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন বলে জানিয়েছে এএফপি।
নোবেলের প্রসঙ্গ আসে মূলত কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যস্থতার প্রস্তাব নিয়ে। কাশ্মীর সংকট নিরসনে সহায়তা করতে পারলে তিনি নোবেল পুরস্কার পেতে পারেন এমন কথাও বলেন ট্রাম্প।
পূর্বসূরি বারাক ওবামাকে কেন নোবেল দেওয়া হয়েছিল এমন প্রশ্নও করেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, ‘তারা (নোবেল কমিটি) ওবামাকে প্রেসিডেন্ট পদে বসার সঙ্গে সঙ্গেই নোবেল পুরস্কার দিয়েছিল। কেন তাকে এটা দেওয়া হলো সে সম্পর্কে ওবামার কোনো ধারণাই ছিল না। এর কারণ কি আপনাদের জানা আছে?’
সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ট্রাম্প তৃতীয়বারের মতো কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দেন। ইমরান খানকে পাশে বসিয়ে তিনি বলেন, পাকিস্তান ও ভারত চাইলে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতায় তিনি প্রস্তুত রয়েছেন।
কাশ্মীর নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘আমি যদি সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই তা করব। আমি প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। এটা একটা জটিল বিষয়। দীর্ঘদিন ধরে এটা চলছে। তবে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইমরান খান চান, তাহলে আমি তা করতে রাজি আছি। আমি মনে করি, আমি একজন ভালো মধ্যস্থতাকারী।’
তিনি আরও জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তার ‘খুব ভালো সম্পর্ক’ রয়েছে। অতীতে কখনো তিনি মধ্যস্থতায় ব্যর্থ হননি এবং চাইলেই তিনি সাহায্য করবেন। এ সময় তিনি বলেন, ‘পাকিস্তানের প্রতি আমার আস্থা রয়েছে। তবে হোয়াইট হাউজে আমার পূর্বসূরিদের দেশটির প্রতি এমন আস্থা ছিল না। কিন্তু তারা জানত না, তারা কী করছিল। পাশে বসা ইমরান খানকে দেখিয়ে ট্রাম্প বলেন, এই ভদ্রলোককে আমি বিশ্বাস করি। নিউ ইয়র্কে আমার বহু পাকিস্তানি বন্ধু রয়েছে যারা স্মার্ট এবং দুর্দান্ত মধ্যস্থতাকারী।
