ঢাকার বাইরে তিনগুণ ডেঙ্গু রোগী

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২৫ এএম

ডেঙ্গুতে গতকাল মঙ্গলবার সারা দেশে দুজনের মৃত্যু হয়েছে। আর স্বাস্থ্য অধিদপ্তরের কাছে চলতি বছর ২২৬ জনের ডেঙ্গু সন্দেহে মৃত্যুর খবর এসেছে। এদের মধ্যে অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ১২৬ জনের মৃত্যু পর্যালোচনা করে ৭৫ জনের ডেঙ্গুতে মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছে। এদিকে গত ২১ সেপ্টেম্বর থেকে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচশর নিচে থাকলেও গত তিন দিন ধরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। নতুন আক্রান্তদের চার ভাগের তিন ভাগই ঢাকার বাইরে।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৪৬৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যা তার আগের ২৪ ঘণ্টার চেয়ে ৮ জন বেশি। ওইদিন ভর্তি হন ৪৬১ জন। নতুন আক্রান্তদের মধ্যে খুলনা বিভাগে সবচেয়ে বেশি। ওই বিভাগে ২৪ ঘণ্টায় ১২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে যশোর জেলায় ৫১ জন, খুলনা সদরে ২২ জন, কুষ্টিয়ায় ১৩ জন এবং সাতক্ষীরায় ১২ জন ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম সদরে ১৯ জন, বরিশাল সদরে ১৮ জন, ঢাকা জেলায় ১৩ জন, ফরিদপুর, মানিকগঞ্জ ও টাঙ্গাইলে ১২ জন করে এবং সিরাজগঞ্জে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা শহরের ৪১টি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩১ জন ও ঢাকার বাইরে ৩৩৮ জন। চলতি বছর সারা দেশে ৮৫ হাজার ৭৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩ হাজার ৬০৫ জন। আর বর্তমানে চিকিৎসাধীন ছিলেন ১ হাজার ৯২৮ জন। প্রায় আড়াই মাস পর এই প্রথম হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ হাজারের নিচে নামল। আর চলতি সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৬৬০ জন।

আরও দুজনের মৃত্যু : খুলনার নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুর রউফ (৩৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তার বাড়ি যশোর জেলার বাঘারপাড়া এলাকায়। এ নিয়ে এ বছর খুলনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৫ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি জানান, গতকাল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ বরু (৬০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। তিনি পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি গ্রামের নাজের আলীর স্ত্রী। এ নিয়ে চলতি বছর ওই হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগী মারা গেলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত