রাজধানীর হাতিরপুল এলাকায় গতকাল মঙ্গলবার গভীর রাতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ছিনতাইকারী নিহত হয়েছেন।
র্যাব-২-এর একজন দায়িত্বশীল কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, তাদের কাছে খবর ছিল রাতের বেলায় ধানমন্ডির ল্যাবএইড ও হাতিরপুল এলাকায় মাঝেমধ্যেই ছিনতাই হয়। গত রাতে তারা একটি দলকে ল্যাবএইড এলাকা থেকে অনুসরণ করে। রাত ১টার দিকে হাতিরপুল এলাকায় ইস্টার্ন প্লাজার সামনে এক ব্যক্তিকে তারা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা ছিনতাইকারীদের ধরার চেষ্টা করলে তারা ইস্টার্ন প্লাজার পাশ থেকে গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলিতে হাসান নামে এক ছিনতাইকারী ঘটনাস্থলেই নিহন হন। আহত হন আরও ২ ছিনতাইকারী এবং র্যাব-২-এর এসপি মহিউদ্দিন ফারুকীসহ তিনজন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
