দলে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। তার ওপর শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়া। তবে খেই হারায়নি জুভেন্টাস। ব্রেসিয়ার বিপক্ষে রোমাঞ্চকর এক জয় নিয়ে মাঠ ছেড়েছে মাওরিসিও সাররির দল।
ব্রেসিয়ার মাঠে মঙ্গলবার রাতে ইতালিয়ান সেরি আর ম্যাচটিতে ২-১ গোলের জয় পায় জুভেন্তাস। এই জয়ে ইন্টার মিলানকে সরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে তুরিনের ক্লাবটি।
ব্রেসিয়ার হয়ে অভিষেক হয়েছে মারিও বালোতেল্লির। ঘরের মাঠে চতুর্থ মিনিটের মাথায়ই এগিয়ে যায় ব্রেসিয়া। ডি-বক্স থেকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ব্রেসসিয়ার ইতালিয়ান ফরোয়ার্ড আলফ্রেদো দোন্নারুমা।
প্রতিপক্ষের ভুলে ৪০তম মিনিটে সমতায় ফেরে জুভেন্টাস। কুয়াদরাদোর কর্নারে বল ডিফেন্ডার জন চান্সেলরের মাথা ছুঁইয়ে জালে জড়ায়। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে জুভেন্টাসকে এগিয়ে দিতে পারতেন গনসালো হিগুয়াইন। তার শট বাঁচিয়ে দিয়েছেন জোরোনেন। ছয় মিনিট পর পাউলো দিবালাকেও হতাশ করেন তিনি।
৬৩তম মিনিটে জয়সূচক গোলের দেখা পায় জুভেন্টাস। দিবালার শট ওয়ালে লেগে ফেরত আসে মিরালেম পিয়ানিচের পায়ে। ডান পায়ের জোরালো শটে দলকে এগিয়ে দেন এই মিডফিল্ডার।
পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে শীর্ষে ওঠা জুভেন্টাসের পয়েন্ট ১৩। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ইন্টার মিলান।
