টিকটক জ্বরে কাঁপছে বিশ্বের কোটি কোটি মানুষ। ভারতে কমবয়সীদের মধ্যে এই অ্যাপটি রীতিমতো আসক্তির পর্যায়ে চলে গিয়েছে। এ নিয়ে দেশটিতে কম হুলুস্থুল হয়নি।
এবার টিকটকের জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ করতে বাজারে আসছে নতুন ভিডিও শেয়ারিং অ্যাপ ফায়ারওয়ার্ক।
টিকটকের সবচেয়ে বেশি ব্যবহারকারী ভারতে। তারকারাও অনলাইনে টিকটক ভিডিও ছেড়ে চমকে দিচ্ছেন ভক্তদের। এ জন্য বড় বাজার হিসেবে দেশটিকেই বেছে নিচ্ছে ফায়ারওয়ার্ক।
বিশ্বব্যাপী ১০০ কোটিবার ডাউনলোডের মাইলফলক পেরিয়েছে টিকটক। সম্প্রতি চীনা ভিডিও শেয়ারিংটি যত বেশি ডাউনলোড হয়েছে তার ২৫ শতাংশই ভারতে।
১০-১৫ সেকেন্ডের ভিডিও তৈরি করে আপলোড করা যায় এই অ্যাপে। আর ফায়ারওয়ার্কে সেই সময়সীমা ৩০ সেকেন্ড পর্যন্ত।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সংস্থা লুপ নাও টেকনোলজি নির্মিত অ্যাপটির কাজও ঠিক টিকটকের অনুরূপ।
কিছুটা কমেডি করতে পারেন বা অভিনয় বা যারা নিজের প্রতিভা সবার সামনে তুলে ধরতে চান তাদের কাছে পৌঁছতে চায় এই প্ল্যাটফর্ম। টিকটকের মাধ্যমেও একই কাজ করে থাকে মানুষ।
টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের বাজার দখলে করতে ইতিমধ্যে হিন্দুস্তান টাইমস ও একতা কাপুরের এন্টারটেইনমেন্ট কোম্পানি এএলটিবালাজির সঙ্গে কাজ শুরু করে দিয়েছে ফায়ারওয়ার্ক।
অ্যাপটির সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও ভিনসেন্ট ইয়াং বলেন, “বিশ্বের দ্রুততম বাড়তে থাকা স্মার্টফোনের বাজার ভারত। আর এই বিপ্লবের অংশ হতে পেরে অত্যন্ত খুশি।”
