রোজ কেউ না কেউ দেখা করতে আসে : ঐন্দ্রিলা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫১ পিএম

স্টার জলসার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘ফাগুন বউ’। ধারাবাহিকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করে বাংলাদেশেও জনপ্রিয় বিক্রম চ্যাটার্জি এবং ঐন্দ্রিলা সেন।  ফাগুন বউ, বাংলাদেশ এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলেছেন দেশ রূপান্তরের সঙ্গে। কলকাতায় গিয়ে তাদের সাক্ষাৎকার নিয়েছেন এস এম রওনক রহমান আনন্দ

ফাগুন বউ বাংলাদেশে কেমন জনপ্রিয়, তা কি আপনি জানেন?

ঐন্দ্রিলা : হ্যাঁ, শুনেছি। বেশ ভালো লাগে, যখন সবার থেকে পজিটিভ ফিডব্যাক পাই। আর সব থেকে বড় কথা, বাংলাদেশে আমার আগের প্রজেক্ট (সাত পাকে বাঁধা) খুবই হিট ছিল।

বাংলাদেশি ভক্তের সঙ্গে কোনো গল্প শেয়ার করতে পারবেন?

আপনাদের ভালোবাসাটা যে ঠিক কতটা, সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারি। কারণ বাংলাদেশ থেকে ভক্তরা বুক ভরা ভালোবাসা এবং হাতভরা উপহার নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে আসেন (হাসি)। এটা হয়তো অনেকেই জানে না, আমাদের স্টুডিওতে রোজ কেউ না কেউ এসে আমাদের সঙ্গে দেখা করেন, সত্যিই এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া।

‘ফাগুন বউ’ সফল সিরিয়াল। এটি দর্শক কেন পছন্দ করছেন বলে আপনি মনে করেন?

এ জন্য আমার সব দর্শককে অসংখ্য ধন্যবাদ। বেশ কয়েক বছর পর আমি আর বিক্রম জুটি হয়ে কাজ করছি। আর আমাদের জুটিকে যে দুই বাংলার দর্শক খুব পছন্দ করেছেন, তার বড় প্রমাণ হলো ‘ফাগুন বউ’! ‘সাত পাকে বাঁধা’র পর বেশ অনেক বছর পেরিয়ে একসঙ্গে কাজ আমাদের এটা। সবার মন জয় করা আর ভালো করে অভিনয় করা আমাদের কাজ। সেটা করতে পারলে আমরা সব থেকে খুশি হই।

আপনাকে সিনেমায় কবে দেখা যাবে?

আমি তো সিনেমা করতে চাই, আশা রাখছি সঠিক সময়ে সব হবে। আপনার বন্ধু অঙ্কুশ বাংলাদেশে অনেক কাজ করেছেন। আপনাকে কি পাওয়ার সম্ভাবনা আছে?

কেন? আমাকে কি বাংলাদেশে দেখা যাচ্ছে না? মানে আমার সিরিয়াল ‘ফাগুন বউ’ তে... হাহাহা। তবে হ্যাঁ, ওখানে আমার যে পরিমাণ ফ্যান আছে, তাতে আমি চেষ্টা করব সিনেমা করলে সেটা যদি বাংলাদেশে রিলিজ করে, তাহলে নিজে বাংলাদেশে যাব। চাইব যেন আমার সিনেমাটা খুব হিট হয় বাংলাদেশে।

অঙ্কুশকে নিয়ে আপনার মুখে কিছু শুনতে চাই...

খুব প্রিয় মানুষ আমার জীবনে। তাকে যেভাবে আমার ভালো সময়ে ও বিপদে পাশে পেয়েছি, সেভাবেই সব সময় পাশে পেতে চাই বাকিটা জীবন।

অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির ‘বিবাহ অভিযান’ কবে হচ্ছে?

দেরি আছে। তবে হলে অবশ্যই জানতে পারবেন সবাই এটা বলতে পারি (হাসি)।

সহশিল্পী বিক্রম এগিয়ে? নাকি বন্ধু বিক্রম?

দুদিক থেকেই এগিয়ে ও!

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনার ভালো বন্ধু কে কে? কাদের অভিনয় আপনার বেশি প্রিয়?

এক কথায় বলতে অঙ্কুশ আর বিক্রম (হাসি)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত