রপ্তানি বাণিজ্যে গতি বাড়াতে চার যুগ আগের একটি অধ্যাদেশ সংশোধনের উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ওই অধ্যাদেশের মাধ্যমে স্থাপিত রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সরকারের পক্ষে দেশের রপ্তানি বাণিজ্য দেখভালের কাজ করছে।
১৯৭৭ সালে জারি করা ‘দ্য এক্সপোর্ট প্রমোশন ব্যুরো অর্ডিন্যান্স’ সংশোধন করে রপ্তানি বাণিজ্যে গতি বাড়ানোর পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শাহ আলমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটি গঠন করে ২২ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাখাওয়াত হোসেন, যুগ্মসচিব মোহাম্মদ জাফরুল ইসলাম আজিজী, মো. হাফিজুর রহমান, ট্যারিফ কমিশনের সদস্য শাহ মো. আবু রায়হান আল বেরুনী ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব এতে সদস্য হিসেবে কাজ করবেন। কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালনা বোর্ডে বাণিজ্য সচিবের বিকল্প চেয়ারম্যান হিসেবে অন্তর্ভুক্তিকরণের লক্ষ্যে এ সংক্রান্ত ধারা ৫ সংশোধনের বিষয় পর্যালোচনা করে প্রস্তাব প্রণয়ন করা। পাশাপাশি ‘দ্য এক্সপোর্ট প্রমোশন ব্যুরো অর্ডিন্যান্স, ১৯৭৭’-এর আরও কোনো সংশোধন, সংযোজন বা পরিমার্জনের প্রয়োজনীয়তা থাকলে তা পরীক্ষাপূর্বক প্রস্তাব প্রণয়ন করা।’
