গ্রামীণফোনের সঙ্গে সরকারের ভুল বোঝাবুঝি নিরসন হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, গ্রামীণফোনের সঙ্গে আমাদের দীর্ঘদিনের যে ভুল বোঝাবুঝি ছিল, সেটা আমরা আদালতের বাইরে নিরসনের চেষ্টা করছি। এ বিষয়ে শিগগিরই ভালো একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারব।
গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনার অগ্রগতির বিষয়ে জানাতে চাইলে তিনি বলেন, দেখুন এটা যখন আমরা শেষ করে ফেলব তখন আপনাদের আমরা অবহিত করব। এই মুহূর্তে গ্রামীণফোনের সঙ্গে কী আলোচনা হয়েছে সেটা এখন আমাদের নিজস্ব সম্পত্তি। এটা এখন আপনাদের দেব না। এই তথ্য আপনাদেরকে দিলে আপনারাও কাজে লাগাতে পারবেন না। তিনি বলেন, তাদের সঙ্গে আমাদের আলোচনা চলছে এবং সেটা ফলপ্রসূ আলোচনা চলেছে। তারাও এগিয়ে এসেছে আমরাও এগিয়ে এসেছি। আমরা মোটামুটিভাবে কোনো এক জায়গায় সিদ্ধান্তে পৌঁছাব। দেশের মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের কাছে সরকারের জাতীয় রাজস্ব বোর্ড ও বিটিআরসির প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা পাওনা ছিল। বিষয়টি কোনোভাবেই নিজেদের মধ্যে সমাধান না হলে গেল মাসে এ সংক্রান্ত দেশের উচ্চ আদালতে একটি মামলা করে গ্রামীণফোন কর্র্তৃপক্ষ। এরপরই বিষয়টি মীমাংসার জন্য উদ্যোগ নেয় সরকার। এই উদ্যোগ নেওয়ার পর এ পর্যন্ত একাধিকবার যৌথ সভায় আলোচনা করেছে সরকার ও গ্রামীণফোন কর্র্তৃপক্ষ। সেই বিষয়ে বুধবার সাংবাদিকদের সামনে এমন প্রতিক্রিয়া দিলেন অর্থমন্ত্রী।
