ছাত্রলীগ-যুবলীগ নেতাদের সম্পদের খোঁজে দুদক

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫১ এএম

ক্যাসিনো-জুয়া, চাঁদাবাজি এবং টেন্ডারবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করা আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিতর্কিত নেতাকর্মীদের দুর্নীতি ও অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতিমধ্যে বেশ কয়েকজন নেতার অবৈধ সম্পদের বিষয়ে খোঁজ নেওয়া শুরু করেছে কমিশন। কমিশনে নামে-বেনামে অনেক অভিযোগও জমা হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও একাধিক কর্মকর্তা দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত

করেছেন। এ বিষয়ে দুদকের অনুসন্ধান শাখার দায়িত্বে থাকা কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেন, ‘ছাত্রলীগ ও যুবলীগসহ দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট যারাই জড়িত সবার তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা কিংবা টেন্ডার কমিশনের সঙ্গে যাদের নামই আসছে সবারই তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। অনেক নেতাকর্মীর নামেই অনুসন্ধান করার মতো যথেষ্ট তথ্য-উপাত্ত পাওয়া গেছে। আমরা তাদের অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধান করব।’

তিনি আরও বলেন, ‘কিছু অপরাধ রয়েছে যেগুলো ফৌজদারি অপরাধ হলেও দুদকের তফসিলভুক্ত নয়। ওইসবের বিরুদ্ধে পুলিশ ও র‌্যাব অভিযান চালাচ্ছে এবং আইনগত ব্যবস্থা নিচ্ছে। মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনসহ কিছু অপরাধ রয়েছে কমিশনের তফসিলভুক্ত সেগুলো আমলে নিয়ে অনুসন্ধান করা হবে। এর সঙ্গে যদি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পৃক্ততা আমাদের নজরে আসে সেটাও দুদক খতিয়ে দেখবে। এ বিষয়ে আগামী ২ অক্টোবর কমিশনের বিশেষ বৈঠক আছে। আশা করছি, ওখানেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে।’

দুদকের নাম প্রকাশে অনিচ্ছুক এক উপপরিচালক দেশ রূপান্তরকে বলেন, চাঁদাবাজি, ক্যাসিনো পরিচালনা, অবৈধ টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন অনৈতিক উপায়ে যুবলীগ-ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী বিপুল সম্পদের মালিক হওয়ার তথ্য মিলেছে। প্রতিনিয়ত দুদকের হটলাইনে এবং চিঠির মাধ্যমে প্রচুর অভিযোগ জমা হচ্ছে। বিষয়টি কমিশনের শীর্ষ পর্যায়ের নজরে আনা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই এ বিষয়ে কমিশনে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত