সাম্প্রতিক দুর্নীতিবিরোধী অভিযান গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, ‘দুর্নীতি ও অনিয়মের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’ গতকাল বুধবার সকালে বরিশালে বিভাগীয় পর্যায়ে ফুটবল
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘দুর্নীতিবিরোধী অভিযানে পূর্ত মন্ত্রণালয়ের যে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নাম এসেছে, তাকে ওএসডি করা হয়েছে। অপর দুই কর্মকর্তাকে প্রত্যাহার করার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজ করা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না।’ তিনি আরও বলেন, ‘জি কে শামীমের বিষয়টি তদন্তাধীন। এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না। কিন্তু আমি নিজে অনিয়ম করি না। কারও অনিয়ম বরদাশত করব না।’
এ সময় বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার এম ডি আবদুস ছালাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জাকারিয়া, রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
