প্রেস ক্লাবে তথ্যমন্ত্রী

তারেক রহমান ক্যাসিনো সম্রাট

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৭ এএম

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ক্যাসিনো সম্রাট বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘আমরা বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি লন্ডনে

তারেক রহমান যে আয়কর রিটার্ন দাখিল করেছেন সেখানে ক্যাসিনো থেকেও আয় দেখানো হয়েছে।’

গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে ‘প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ অনুষ্ঠানের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ্ সংযোজন করেছিলেন। আবার বিসমিল্লাহ বলে দেশে মদ-জুয়া হাউজিও চালু করে দিয়েছিলেন। যাদের একটু বয়স হয়েছে, তাদের এটা মনে আছে। চলমান সাঁড়াশি অভিযান নিয়ে কটাক্ষ করার আগে নিজেদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিকে একটু তাকান।’

বিএনপি নেতাদের উদ্দেশ্যে হাছান মাহমুদ বলেন, ‘গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আশপাশে বাংলাদেশ ক্যাসিনো সংস্কৃতি চালু করেছিল তারা আছে। মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, তাদের সহযোগী মোসাদ্দেক হোসেন ফালু এবং তাদের সহযোগীদের আশপাশে রেখে তিনি আজকের ক্যাসিনো, জুয়া খেলার যে অভিযান চলছে সেটি নিয়ে কটাক্ষ করছেন। ‘বিএনপিকে অনুরোধ করব, আসুন দেশকে কুলষমুক্ত করার জন্য এবং দেশ থেকে সব ধরনের অনাচার নির্মূল করার জন্য একযোগে কাজ করি। আপনাদের ব্যর্থতা ঢাকার জন্য অহেতুক সমালোচনা করবেন না।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সারাহ বেগম কবরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন  আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত